দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশার সঙ্গে যুক্ত হয়েছে বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প। সরকারের অনুমোদন পাওয়া এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি, সেচ, কর্মসংস্থান, নদী ব্যবস্থাপনা এবং আঞ্চলিক অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পদ্মা ব্যারাজ শুধু একটি নদীকেন্দ্রিক অবকাঠামো প্রকল্প নয়; এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে নাব্যতা সংকট, শুষ্ক মৌসুমে পানির অভাব এবং নদীভাঙনের মতো সমস্যার কারণে পদ্মা নদীর পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হয়নি। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ, সেচ সুবিধা সম্প্রসারণ, নদীভাঙন প্রতিরোধ এবং বন্যা নিয়ন্ত্রণে কার্যকর পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ২০৩৩ সালের জুনের মধ্যে এর কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪ জেলার ১৬১টি উপজেলার প্রায় পাঁচ কোটি মানুষ সরাসরি ও পরোক্ষভাবে উপকৃত হবেন।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষিতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষিবিদদের হিসাব অনুযায়ী, প্রায় দুই লাখ হেক্টরের বেশি এক ফসলি জমি দুই ফসলি এবং এক লাখ হেক্টরের বেশি জমি তিন ফসলি জমিতে রূপান্তরিত হতে পারে। একই সঙ্গে লবণাক্ততার প্রভাব কমে কৃষকের কাছে মিঠা পানির সরবরাহ নিশ্চিত হলে খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
কৃষি গবেষকদের মতে, নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করা গেলে বোরো ধানের গড় উৎপাদন প্রতি হেক্টরে ৪.৫ থেকে ৫ টন থেকে বেড়ে ৬ থেকে ৭ টনে উন্নীত হতে পারে। পাশাপাশি গম, ভুট্টা ও আলুর উৎপাদনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পদ্মা তীরবর্তী জেলা রাজবাড়ীর গোয়ালন্দের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, পদ্মা পাড়ের মানুষ দীর্ঘদিন ধরে এ প্রকল্পের অপেক্ষায় ছিল। তাদের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি, যোগাযোগ ও জীবনমানের উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি হবে।
পানিসম্পদ বিশেষজ্ঞদের মতে, পদ্মা নদীর বাংলাদেশ অংশের প্রায় ৩৪১ কিলোমিটার এলাকায় প্রতিবছর নদীভাঙনের কারণে বিপুল পরিমাণ কৃষিজমি নদীগর্ভে বিলীন হচ্ছে। গত দুই দশকে প্রায় ৮ থেকে ১০ হাজার হেক্টর কৃষিজমি ভাঙনের শিকার হয়েছে বলে বিভিন্ন পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। আধুনিক নদী ব্যবস্থাপনা, নিয়মিত ড্রেজিং এবং তীর সংরক্ষণ অবকাঠামো নির্মাণের মাধ্যমে নদীভাঙনের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হতে পারে বলে মত দিয়েছেন তারা।
এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত পানি সংরক্ষণ, নিয়ন্ত্রিত প্রবাহ এবং দ্রুত নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা গেলে আকস্মিক বন্যার ঝুঁকি কমবে এবং লাখো মানুষ উপকৃত হবে।
অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশ্লেষকদের মতে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে কৃষিভিত্তিক শিল্প, হিমাগার, গুদামজাতকরণ, পরিবহন ও বিপণন খাতে নতুন বিনিয়োগ বাড়বে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটবে এবং দীর্ঘমেয়াদে এক থেকে দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।
তাদের মতে, প্রকল্প এলাকার প্রায় ৩০ থেকে ৪০ লাখ মানুষ সরাসরি ও পরোক্ষভাবে অর্থনৈতিক সুবিধা পাবে। কৃষকের আয় গড়ে ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং দারিদ্র্য হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞদের অভিমত, যথাযথ পরিকল্পনা, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে পদ্মা ব্যারাজ প্রকল্প দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে উঠতে পারে।