পটুয়াখালীর ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ জিউর মন্দিরে ভয়াবহ চুরির ঘটনা

পটুয়াখালীর ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ জিউর মন্দিরে ভয়াবহ চুরির ঘটনা
রাধাগোবিন্দ জিউর মন্দিরে ভয়াবহ চুরি

পটুয়াখালী সদর থানার মৌকরণ গ্রামের ঐতিহ্যবাহী সার্বজনীন রাধাগোবিন্দ জিউর মন্দিরে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোরবেলা উঠে মন্দিরের সেবাইত দেখতে পান, পিতল দিয়ে নির্মিত রাধাগোবিন্দের চার জোড়া যুগল বিগ্রহ ও অলংকারদি চুরি হয়েছে। সেই সঙ্গে মন্দিরের ঘটিবাটি সহ যাবতীয় মালামাল সঙ্গে করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এখন পর্যন্ত দুর্বৃত্তদের কেউ গ্রেপ্তার হয়নি।

চুরির ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্দির কমিটির সভাপতি গৌতম দেবনাথ। অভিযোগে জানানো হয়, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে মন্দিরের সেবায়েত অমরি দেবনাথ প্রণাম করার উদ্দেশ্যে মন্দিরে গিয়ে দেখে মন্দিরের লোহার গেট ভাঙ্গা। এসময় মন্দিরের মধ্যে থাকা পাঁচটি পিতলের প্রতিমা স্বর্ণালঙ্কার ও দানের নগদ অর্থসহ আনুমানিক দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
মন্দিরের সেবায়েত অমরি দেবনাথ বলেন, আমি রাতে সেবা পূজা শেষ করে মন্দিরে তালা দিয়ে ঘরে যাই। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে দেখি মন্দিরের গ্রিল ভাঙ্গা ও মন্দিরের সব মালামাল এলোমেলো। তখন আমি মন্দিরের মধ্যে ঢুকে দেখি ভিতরে ঠাকুরের বিগ্রহ নাই। ঠাকুরের গলায় হাতে সোনা ও রুপার অনেক অলংকার ছিল, মন্দিরে নগদ টাকা ছিল সেগুলো কিছুই নেই। পরে আমি চিৎকার দিলে আসে পাশের লোকজন চলে আসে।

মন্দিরের সভাপতি গৌতম দেবনাথ বলেন, আমি সকালে ঘুমানো ছিলাম নিজ ঘরে। মন্দিরের সামনে ডাক চিৎকার শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি মন্দিরের দরজা ভাঙ্গা। আর ভিতরে প্রতিমার কয়েকটি কাপড় ও কয়েকটি ছবি ব্যাতিত আর কিছুই নাই। এ ব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মৌকরন ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য কাজী সুমন জানান, তিনি মন্দির চুরির ঘটনাটি জানতে পেরেছেন। নিজে মন্দির পরিদর্শন করেছেন। মন্দিরের দরজা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়েছেন। এ ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, এর আগে ১৯৯২ সালে বাবরি মসজিদ ঘটনা সময় উক্ত মন্দিরের কষ্টিপাথরে নির্মিত মহামূল্যবান রাধাগোবিন্দের যুগল বিগ্রহসহ অলংকারাদি ও যাবতীয় মালামাল চুরি হয়েছিল। স্থানীয় সংখ্যালঘু হিন্দুরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।