পঞ্চগড় প্রতিনিধিঃ নির্বাচন-পূর্ব সহিংসতায় শিশুদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে দুই শিশু আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই দুজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের পুড়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো মাগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী রবিউল প্রধানের মেয়ে তাসলিন আক্তার (৯) ও একই এলাকার আনিছুর রহমানের মেয়ে আশা (১০)। তাসলিন শিশুতোষ আদর্শ কিন্ডারগার্টেন নামে স্থানীয় এক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং আশা পুড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পুড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মাগুড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী রবিউল প্রধানের ফুটবল প্রতীক নিয়ে মিছিল করছিল তার মেয়ে তাসলিনসহ কয়েকজন শিশু। এ সময় ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও টিউবওয়েল প্রতীকের প্রার্থী বারজুল হুদা বাদলের ছেলে সুমন (১৮), ভাই শামসুল হক (৩০) ও ভাগ্নে আবুল (১৮) হঠাৎ শিশুদের মিছিলের ওপর হামলা করে। তাদের বাধা দিলে গোলাম রব্বানী রবিউল প্রধানের মেয়ে তাসলিন ও তার সহপাঠী আশার গলা টিপে ধরে মারধর করে তারা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক এস এম মাহবুব-উল আলম জানান, ওই দুই শিশু শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। তবে তাদের শারীরিক নির্যাতনে চেয়ে মানসিকভাবে বেশি নির্যাতন করা হয়েছে। এতে তারা খুব ভয় পেয়েছে বলে মনে হচ্ছে। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে তিনি জানান।
আগামী ২৮ মে পঞ্চম দফায় পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নসহ ১০টি ইউনিয়নের মধ্যে আটটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।