শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক পথচারি নিহত হয়েছে। বুধবার সকাল ১১ টায় নড়িয়া উপজেলা সদরের কীর্তিনাশা ব্রীজের উপর এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল ১১ টার দিকে মালবাহী একটি নসিমন ব্রীজের উপরে জাহানারা বেগম (৫০) নামে এক পথচারিকে চাপা দেয়। তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। নিহত জাহানারা বেগম নড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাশতলা এলাকার বাসিন্দা আবদুল খালাসীর স্ত্রী।
আবদুল খালাসী বলেন, উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে জাহানারা তার মাকে দেখার জন্য যাচ্ছিল। নড়িয়া ব্রীজের উপরে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী নসিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম আলী বলেন, সড়ক দূর্ঘনায় জাহানারা বেগম নামে একজন মহিলা মারা যাওয়ার সংবাদ পেয়েছি। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত করা হয়নি।