× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

নেমারের খেলায় খুশি নন বড় রোনাল্ডো

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

চার বার বিশ্বকাপ খেলেছেন। তার দু’বার কাপ জিতেছে ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে তিতের দলের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করার উপযুক্ত লোক কিংবদন্তি রোনাল্ডো নাজারিয়ো। এমনকি নেমার দা সিলভা স্যান্টোসের (জুনিয়র) মৃদু সমালোচনাও পাওয়া গেল তাঁর প্রতিক্রিয়ায়।

এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বড় রোনাল্ডো নেমার প্রসঙ্গে বললেন, ‘‘ওর (নেমারের) কাছ থেকে আমাদের প্রত্যাশা আরও অনেক বেশি ছিল। কারণ ও-ই এই দলটার সত্যিকারের বড় তারকা।’’ এখানেই থামেননি বিশ্বজয়ী ব্রাজিলের প্রাক্তন মহাতারকা। তাঁর কথা, ‘‘জানি না পায়ে অস্ত্রোপচার না অন্য কোনও কারণে ও তেমন কিছু করতে পারল না। কিন্তু পারেনি যে সেটাই সত্যি। যে কারণেই হোক রাশিয়ায় নিজেকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ রেখেছিল।’’

মৃদু সমালোচনা করলেও রোনাল্ডো অবশ্য নেমারকে নিয়ে আশার কথাও শুনিয়েছেন। ‘‘ওর বয়স অনেক কম। প্রতিভাবানও। সামনে আরও সময় পড়ে রয়েছে। অনেক দায়িত্ব ওর কাঁধে। সেই দায়িত্ব পালনও করতে হবে। আর তার জন্য ওকে এখনও অনেক কিছু শিখতে হবে।’’

রোনাল্ডো নিজেও এক জন দুর্দান্ত স্ট্রাইকার ছিলেন। বার বার তাঁকেও বিপক্ষ ডিফেন্ডারদের কড়া ট্যাকলের সামনে পড়তে হয়েছে। নেমারকেও সেই একই পরিস্থিতিতে হামেশাই পড়তে হয়। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, হালফিলে কোনও সংঘর্য ছাড়াই নেমার ডাইভ দিয়ে নাটক করছেন ফাউল আদায় করতে। এই প্রসঙ্গে রোনাল্ডোর কথা, ‘‘বছর পাঁচেক আগে ওর সঙ্গে আমার এটা নিয়ে কথা হয়েছিল। তখন ও বলেছিল, ডিফেন্ডারদের সঙ্গে সংঘর্ষে আহত হলে এ ভাবেই ও ডাইভ দেয়। এটাই ওর স্বাভাবিক প্রতিক্রিয়া। হতে পারে সব ক্ষেত্রে এটা নিষ্ঠুর ট্যাকলের ঘটনা থাকে না। তবে ট্যাকল তো হয়ই। চোটও লাগে। আমার নিজের ক্ষেত্রেও এ রকম প্রচুর হয়েছে। আমিও দেখেছি অনেক বার ফাউল হওয়া সত্ত্বেও রেফারি বাঁশি বাজাননি। কী আর করা যাবে!’’

রোনাল্ডোর সময় সোশ্যাল ওয়েবসাইট-এ কোনও ঘটনা নিয়ে এ ভাবে বিদ্রুপ করা হত না। এই মাধ্যমটি এতটা শক্তিশালীও ছিল না। কিন্তু নেমারের অভিজ্ঞতা খুব খারাপ। তাঁর ডাইভ নিয়ে প্রতিদিনই নতুন নতুন রসিকতা হচ্ছে। কখনও অ্যানিমেশন-এ। কখনও বা ফোটোশপ-এ। রোনাল্ডোরও ব্যাপারটা ভাল লাগেনি। তাঁর কথা, ‘‘সোশ্যাল মিডিয়া সত্যি সত্যিই কখনও কখনও অতিরিক্ত সৃষ্টিশীল হয়ে উঠছে। কিন্তু এখন এ রকম ঘটতেই থাকবে। নেমারকেও  মেনে নিতে হবে। এ সব নিয়ে মাথা ঘামানোর কোনও দরকার নেই।’’ এই প্রসঙ্গে রোনাল্ডোর আরও মন্তব্য, ‘‘ম্যাচের সময় নেমারকে নিজের আবেগ আরও ভাল ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। হলুদ কার্ড আদায় করতে মাঝে মাঝে ও অতিরিক্ত ঝুঁকিও নিয়ে ফেলছে। এ ভাবে নিজের শক্তিক্ষয় করার কোনও মানে হয় না। এগুলোই ওকে এখন আরও বেশি করে শিখতে হবে,’’ বলেছেন রোনাল্ডো নাজারিয়ো।


এ ক্যটাগরির আরো খবর..