নিখোঁজের ৭ দিন পর অক্ষত রাকিব; ঝিকরগাছা থানার এসআই পলাশের দক্ষতায় হাসল মা

নিখোঁজের ৭ দিন পর অক্ষত রাকিব; ঝিকরগাছা থানার এসআই পলাশের দক্ষতায় হাসল মা
যশোরের ঝিকরগাছা থেকে নিখোঁজ হওয়া কিশোর রাকিব হোসেন (১৬) দীর্ঘ ৭ দিন পর পুলিশের সফল উদ্ধার অভিযানে তার মায়ের কোলে ফিরেছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। দীর্ঘ উৎকণ্ঠার পর ছেলেকে ফিরে পেয়ে আবারও হাসি ফুটেছে মা মোছা. মিনা খাতুনের মুখে। এর আগে, গত ৩০ মে সকালে ঝিকরগাছা পৌরসভার মোবারকপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের সন্ধানে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে নিখোঁজ হয় রাকিব।
আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় গত ৩১ মে মা মোছা. মিনা খাতুন ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩২৫) করেন। নিখোঁজের পর থেকেই রাকিবকে উদ্ধারে তৎপর হয় ঝিকরগাছা থানা পুলিশ।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে এই উদ্ধার অভিযানে সাহসী ভূমিকা পালন করেন থানার এসআই (নিঃ) পলাশ দাস। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং নিজের বিচক্ষণতাকে কাজে লাগিয়ে এসআই পলাশ দাস শুক্রবার দুপুরে নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে রাকিবকে উদ্ধার করতে সক্ষম হন।
এরপর আইনি প্রক্রিয়া শেষে ওইদিন রাত ৮টার দিকে তাকে তার মায়ের নিকট নিরাপদে হস্তান্তর করা হয়। প্রিয় সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত মা মোছা. মিনা খাতুন ঝিকরগাছা থানা পুলিশ ও বিশেষভাবে তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ দাসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, “জিডি হওয়ার পর থেকেই আমাদের টিম রাকিবকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। এসআই পলাশ দাসের দক্ষতায় ও তৎপরতায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ কিশোরকে তার মায়ের কাছে হস্তান্তর করতে পেরে আমাদের ভালো লাগছে।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।