স্টাফ রিপোর্টারঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাড়ির সামনে গতকাল বুধবার রাতে আন্দোলনরত বেকার নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় মামলা হয়েছে। ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর গতকাল বুধবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে।
স্বাস্থ্যমন্ত্রীর ধানমন্ডির বাড়ির সামনে গতকাল রাতে আন্দোলনরত বেকার নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ নার্স ও ১০ পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুই হাজারের বেশি নার্স এ কর্মসূচিতে অংশ নেন। সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ বন্ধ করে ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি ও বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন গত ২৮ এপ্রিল থেকে আন্দোলন করছে। আগামীকাল শুক্রবার পিএসসির মাধ্যমে নার্স নিয়োগের পরীক্ষা হবে। এর আগেই এ নিয়োগ-প্রক্রিয়া বন্ধ করতে চান তাঁরা।
গতকাল রাত নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নারীসহ দুই নার্সকে গ্রেপ্তার করে।