ঝালকাঠি প্রতিনিধিঃ- বাকেরগঞ্জ উপজেলার খাসেরহাট চর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রোমান হোসেনের (২০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরের দিকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা আমানুল্লাহ নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রোমান হোসেন নলছিটি উপজেলার খোঁজাখালী গ্রামের মাছ ব্যবসায়ি মো. বাদশার ছেলে।
জানা গেছে, রোববার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে দুইজন যাত্রী নিয়ে নলছিটি থেকে দপদপিয়া যাওয়ার পর নিখোঁজ হয় রোমান। এরপর রোমানের পিতা-মাতা তার সন্ধান চালাতে থাকে। সোমবার বেলা ১১টার দিকে বাকেরগঞ্জের জোলাখালী এলাকার জনৈক মেম্বর নলছিটি পৌর কাউন্সিলর নুরুল আলম স্বপনকে ফোনে রোমান হত্যাকান্ডের ঘটনা অবহিত করেন।
খবর পেয়ে রোমানের পিতা-মাতা বাকেরগঞ্জ থানায় গিয়ে লাশ সনাক্ত করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজেডএম মাসুদুজ্জামান জানান, খয়রাবাদ নদীর খাসেরহাট চর থেকে এসআই মোমিন এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। এসময় জনতা হাতে আটক আমানুল্লাহ নামের এক যুবককে পুলিশ থানায় নিয়ে আসে। আটক আমানুল্লাহ জিজ্ঞাসাবাদে জানায়, সে নলছিটি পৌর এলাকার খোঁজাখালী গ্রামে মাওলানা আলাউদ্দিনের ছেলে। তার পিতা সূর্য্যপাশা মাদ্রাসার শিক্ষক ও খোঁজাখালী মামুন তালুকদারের বাড়ির জামে মসজিদের ইমাম। সে ও তার বন্ধু নলছিটি ডিগ্রী কলেজের ছাত্র মো. রোহান দু’জনে মিলে রোমানকে জবাই করে হত্যা করে। এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করলেও রোহান পালিয়ে যেতে সক্ষম হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।