ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় প্রেমে প্রতারিত হয়ে ঝুমা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার দিবাগত ভোররাতে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করেছে বলে ঝুমার পরিবার সূত্রে জানা গেছে। নিহত ঝুমা আক্তার উপজেলার নলবুনিয়া গ্রামের আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে ও রাজাপুরের বড়ইয়া ডিগ্রী কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে নিহত কলেজছাত্রী ঝুমা আক্তার তার মৃত্যুর জন্য প্রেমিক মুরাদ খলিফাকে দায়ী করে একটি চিরকুট লিখে গেছেন। মুরাদ খলিফা নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের নান্না খলিফার ছেলে। এই চিরকুটে উল্লেখ করা হয়েছে, মুরাদ খলিফা প্রেমের ফাঁদে ফেলে বিয়ে প্রলোভন দেখিয়ে কলেজছাত্রী ঝুমা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ শারিরীক সম্পর্ক করেছেন। পরে মুরাদ তাকে বিয়ে করতে অস্বীকার করে। এ কারণে মানসিক চাপে ঝুমা আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে। এদিকে ঘটনার পর থেকে মুরাদ খলিফা পলাতক রয়েছে। নিহত ঝুমা আক্তারের বাবা আব্দুল লতিফ হাওলাদার জানান, বুধবার রাতে প্রতিদিনের মত ভাত খেয়ে খুমাতে যায় ঝুমা।
এরপর মুরাদের সঙ্গে ঝুমার মুঠোফোনে কথা হয়। তিনি অভিযোগ করে বলেন, মুঠোফোনে কথোপোকথনের মাধ্যমে প্রেমে প্রতারিত হওয়ার বিষয়টি জানতে পেয়ে কষ্টে ঝুমা আত্মহত্যা করেছে। যারা আমার মেয়ের জীবন কেড়ে নিয়েছে আমি তাদের কঠিন বিচার চাই। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহামুদ জানান, ‘মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনহত ব্যবস্থা গ্রহণ করা হবে।’





