মাত্র দেড় বছর আগেই ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে প্রায় দেউলিয়া হবার জেরে দেশটিতে ব্যাপক রাজনৈতিক সহিংসতা হয়েছিলো, যার পরিণতিতে শ্রীলংকার সরকারকে পদত্যাগ করতে হয়েছিলো। দেশ ছাড়তে হয়েছিলো দেশটির তৎকালীন রাষ্ট্রপতি গোটাভায়া রাজাপাকশাকেও। বৈদেশিক ঋণে জর্জরিত হয়ে সেসময় এমন অবস্থা হয়েছিলো যে দেশটি আর আমদানি ব্যয় মেটাতে পারছিলো না। এর জের ধরে খাদ্য, ঔষধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তীব্র সংকট দেখা দিয়েছিলো।
তেলের স্টেশনে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিলো মানুষকে। সে পরিস্থিতি এখন অনেকটাই কাটিয়ে উঠেছে দেশটি এবং জমে উঠতে শুরু করেছে শ্রীলংকার অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি পর্যটন খাত এবং জ্যামিতিক হারে বাড়ছে দেশটির রেমিট্যান্স। এবং এ ধারা অব্যাহত রাখতে পারলে শিগগিরই দেশটির অর্থনীতি আরও শক্ত হওয়ার সুযোগ পাবে বলে মনে করছে বিশ্লেষকরা। আগের বছরের তুলনায় এ বছর পর্যটন খাত থেকে শ্রীলংকার আয় বেড়েছে ২৫ শতাংশের বেশি। আর রেমিট্যান্স বেড়েছে প্রায় ৭৬ শতাংশ।
ক্ষমতা গ্রহণের পর কিছু কিছু খাতে সংস্কারের পাশাপাশি আইএমএফের সাথে প্রায় তিন বিলিয়ন ডলারের একটি ‘বেইল আউট প্যাকেজ’ নিয়ে আলোচনা শুরু করেন রনিল বিক্রমাসিংহে। চলতি বছরের মার্চে আইএমএফ বোর্ড সেটি অনুমোদন করে। এরপর খাদ্য মূল্য, বিদ্যুতের দাম সামান্য কমানোর চেষ্টা করে জনজীবন সহজ করার চেষ্টা করে সরকার। এবং এর অংশ হিসেবে ২৩ লাখ অতি দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।
কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের কাছ থেকে এক বছর মেয়াদের জন্য ২০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিলো শ্রীলংকা। চার কিস্তিতে নেয়া সে ঋণের ৫০ মিলিয়ন ডলার চলতি সপ্তাহে বাংলাদেশকে ফেরত দিয়েছে দেশটি।
অবশ্য এশীয় উন্নয়ন ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৩ সালেও জিডিপি হ্রাসের প্রবণতায় থাকবে শ্রীলংকা। তবে ২০২৪ সাল থেকে ধীরে ধীরে এটি ঘুরে দাঁড়াতে শুরু করবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে ২০২৩ সালের দ্বিতীয় অর্ধে এসে অর্থনীতির ক্ষেত্রে বড় অগ্রগতি হবে। তবে এই এক বছরে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে শ্রীলংকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা শিল্প উৎপাদনের ক্ষেত্রে। চলতি বছরের প্রথম তিন মাসে উৎপাদন বেড়েছে প্রায় সাত শতাংশ। কৃষি খাতও ভালো করতে শুরু করেছে। বিশেষ চা ও রাবার রপ্তানি বেড়েছে। তবে এর মধ্যেও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে কোন কোন খাতে কর বাড়ানো আবার কোন খাতে ভর্তুকি কমানোর মতো অজনপ্রিয় পদক্ষেপও নিতে হয়েছে রনিল বিক্রমাসিংহের সরকারকে। পাশাপাশি সংকট এড়াতে এগিয়ে এসেছিলো বিশ্বব্যাংকও। চলমান থাকা প্রকল্পগুলো থেকে প্রায় ৩২৫ মিলিয়ন ডলার তারা জরুরি প্রয়োজনের খাতে সরিয়ে নেয়, বিশেষ করে ঔষধ, লিকুইড পেট্রলিয়াম গ্যাস এলপিজি, সার এর মতো পণ্যগুলো যাতে মানুষ সহজে পেতে পারে সেজন্য এমন পদক্ষেপ নেয় সংস্থাটি। এছাড়া বাজেট সহায়তার অংশ হিসেবেও বৈশ্বিক সংস্থাটি ৭০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে শ্রীলংকার সরকারকে।
মাত্র দেড় বছরের মধ্যে ধ্বংসস্তূপ থেকে দেশটি যে ঘুরে দাঁড়াতে পারলো তার কারণ হিসেবে দুটি বিষয়ের উল্লেখ করেছেন কলম্বো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক প্রিয়াংঙ্গা দুনুসিংহে। “সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কিছু নীতি পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রেখেছে। এর ফলে রেমিট্যান্স ও পর্যটনের মতো কিছু ক্ষেত্রে অটোমেটিক রিকাভারি হয়েছে। এ দুটোর সমন্বয়েই পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে আরও অনেক দূর যেতে হবে। সরকার ব্যয় কমিয়ে রাজস্ব বাড়িয়েছে, এবং সংস্কার কার্যক্রম জোরদার করে করজাল বিস্তৃত করেছে – এর ফলও অর্থনীতিতে দেখা যাচ্ছে বলে মনে করেন অধ্যাপক দুনুসিংহে। বিভিন্ন ঋণদাতা দেশ এবং আইএমএফ এর মতো সংস্থার সাথে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। এর ফলে রপ্তানি বাড়তে শুরু করেছে। রেমিট্যান্স অনেকগুণ বেড়েছে। আবার পর্যটনের মতো খাত ঘুরে দাঁড়াচ্ছে। পাশাপাশি গত বছর বিপুল পরিমাণ দক্ষ ও আধা দক্ষ শ্রমিক বিদেশে গেছে,” ― বলেছেন অধ্যাপক দুনুসিংহে।



