“মামলার চাপে আজকে বিএনপির শীর্ষ নেতারা সকাল-বিকাল আদালত প্রাঙ্গনে ঘুরছেন। আন্দোলনকে দমন করতে রাজনৈতিকভাবে আদালতের উপর সরকারের প্রভাব সৃষ্টির ফলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে বিরোধী মতের নেতারা।” দেশের বিচারব্যবস্থাকে কলঙ্কিত করছে সরকার। বলেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
শনিবার (৯ সেপ্টেমবর) সকালে রাজধানীর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন অডিটোরিয়ামে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম আয়োজিত জেলা পর্যায়ের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভাশেষে যুগপৎ আন্দোলনের সমর্থনে এসব কথা বলেন তিনি।
সরকারি দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আইন-আদালত এবং সংবিধানকে নিজেদের মত ব্যবহার করার অপরাধে আপনাদেরও পরিণতি হবে জেলখানা। তাই সময় থাকতে নিজেদের জন্য কারাগার সাজিয়ে রাখুন।”
ববি হাজ্জাজ বলেন, “আদালতকে ব্যবহার করে এই সরকার গত প্রায় ১৫ বছরে অনেক বিতর্কের জন্ম দিয়েছে। একজন প্রধান বিচারপতিকে বাধ্যতামূলকভাবে দেশ ছাড়তে হয়েছে, একজন ডেপুটি এটর্নি জেনারেল নিরাপত্তার ভয়ে একটি বিদেশী দূতাবাসে স্বপরিবারে যেয়ে আশ্রয় চেয়েছেন। বিশ্বনেতারা বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে অভিযোগ তুলছেন। বিচারবিভাগের উপর সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণেই দেশে তামাশার বিচারব্যবস্থা তৈরি হয়েছে।”
এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “চলমান ১ দফা দাবি আদায়ের যুগপৎ আন্দোলন রাজনৈতিক নেতৃত্বের হাত ধরেই সফল হবে ইনশাআল্লাহ্। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট খাদ্যপণ্যের উচ্চমূল্যের ভুক্তভোগী দেশ হিসাবে বাংলাদেশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগের কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের চাপে ক্ষমতা হারানোর ভয়ে থাকা বাংলাদেশ সরকার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে খড়কুটোর মত আঁকড়ে ধরতে চেয়েছে।”
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “জি-২০ সম্মেলনে দর্শক হিসাবে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর কোন অর্থবহন করে না বরং এটা জনগণের অর্থের অপচয়। সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে রাজপথেই এর ফয়সালা করা হবে ইনশাআল্লাহ্।”
এসময় আরও বক্তব্য রাখেন এনডিএম এর উচ্চপরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক এডভোকেট সাইফুদ্দিন খালেদ, মোঃ শাহাদাত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমানের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় সারা দেশ থেকে আগত এনডিএম এর প্রতিনিধিবৃন্দ এবং যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।


