আন্তর্জাতিক ডেস্ক: ২ ফুট লম্বা বিরল প্রজাতির করপস ফ্লাওয়ার অস্ট্রেলিয়ার মাউন্ট লফটি বোটানিক গার্ডেনে ফুটেছে। এর আসল নাম অ্যামোরফোফাল্লুস টিটানিয়াম। তবে এটি সাধারণত শব বা লাশ ফুল নামেই বেশি পরিচিত। এটি হচ্ছে বিশ্বের সবচাইতে বড় ফুল।
আকৃতির কারণেই ফুলটির এই নামকরণ। দু ফুট লম্বা কন্দের চারপাশে ঘিরে থাকা লাল পাপড়িটিকে মনে হয় এর গা থেকে রক্ত ঝড়ছে। নামের মত এর ঘ্রাণও বিদঘুটে, অনেকটা পঁচা মাছের মত। বাগানের প্রধান ম্যাট কুলটার বলেছেন, ‘আজ সকালে (সোমবার) আমি দরজা খুলতেই আমার বিশ্রী গন্ধটা এসে নাকে ধাক্কা মারে। এতটাই ঝাঁঝালো ছিল এটি।’
প্রায় দু সপ্তাহ আগে থেকেই এটি পাপড়ি মেলতে শুরু করেছিল। সম্পূর্ণ প্রস্ফুটিত হয়েছে সোমবার। গত দশ বছর পর এটি ফুটল।
গত আট বছর ধরে এই বিরল ফুলটি ফোটানোর জন্য চেষ্টা করে আসছিলেন কুলটার। তাই তো দীর্ঘদিনের পরিশ্রম সফল হওয়ায় তার আনন্দ ধরে না। ‘দারুণ লাগছে, আমি ভাবতেই পারিনি এটি ফুটবে।’
ফুলটির আদি নিবাস ইন্দোনেশিয়ার সুমাত্রায়। সেখানে সমূদ্রপৃষ্ঠ হতে ১২০ থেকে ৩৬৪ মিটার উচ্চতায় খাড়া পাহাড়ের গায়ে এটি জন্মায়। কিন্ত ব্যাপক হারে বন উজাড়ের ফলে এই প্রজাতি এখন প্রায় বিপন্ন।
তাই তো অস্ট্রেলিয়ার মত সম্পূর্ণ বিপরীত এক পরিবেশে এটি ফোটাতে ম্যাট কুলটারকে কত কষ্ট করতে হয়েছে সহজেই কল্পনাই করা যায়। এটি দেখতে মাউন্ট লফটি বোটানিক গার্ডেনে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। কেননা মাত্র ৪৮ ঘণ্টা পরই মিইয়ে যাবে এই দুর্লভ শব ফুল।