দুই নৌ-সদস্য আটক

চট্টগ্রাম প্রতিনিধি: ২ জনকে আটক করা হয়েছে চট্টগ্রামে নৌ-বাহিনী ঈশা খাঁ ঘাঁটির অভ্যন্তরে মসজিদ ও হাসপাতালসহ ৩ স্থানে বোমা হামলার ঘটনায়। তারা দুজনই নৌ-বাহিনীর সদস্য।

আটককৃতরা হলেন- ভলপিকার মান্নান ও ব্যাটম্যান রমজান। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর থেকে ঈশা খাঁ ঘাটির ওই মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে সিএমপির সহকারী কমিশনার (বন্দর) জাহেদুল ইসলাম নিশ্চিত করেছেন।

শুক্রবার দুপুরে জুমার নামাজ চলাকালে এবং নামাজের পরপর বিএনএস ঈশা খাঁ ঘাঁটি জামে মসজিদ, নৌবাহিনী পরিচালিত নেভাল হাসপাতাল এবং ১ নং নেভাল কলোনীতে এ বোমা হামলার ঘটনা ঘটে। মসজিদে বোমা হামলার সাথে জড়িত থাকার সন্দেহে ঘটনাস্থল থেকে মুসল্লিরা দুই জনকে আটক করে। আটককৃত দুইজনই নৌ সদস্য বলে জানা গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মসজিদে ককটেল বিস্ফোরণে ৬ জন আহত হয়েছে। অবশ্য তিনটি বিস্ফোরণে এক কর্ণেলসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

বিস্ফোরণে আহতদেরকে স্থানীয় নেভাল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত একজনকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে জিজ্ঞাসাবাদে আটককৃত দু’জনই ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেছে বলে পুলিশের ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।