মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিভূতি ভূষণ বাড়ৈ (৫২) নামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার গভীর রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর শশিকর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিভূতি ভূষণ বাড়ৈ নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের মৃত বঙ্কিম চন্দ্র বাড়ৈর ছেলে। তিনি নবগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, সুনির্দিষ্ট মামলায় বিভূতি ভূষণ বাড়ৈকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





