ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে): দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় ইতোপূর্বে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কর্মহীন দুই হাজার ২০ জন শিক্ষককে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট পাঁচ কোটি পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে শিক্ষকদের আপদকালীন সহায়তা হিসেবে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রতি উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৬ষ্ঠ পর্যায়) অধীনে ‘দারুল আরকাম’ নামে এক হাজার ১০টি মাদ্রাসা প্রতিষ্ঠা করে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হয়। পরবর্তীতে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পুনরায় চালু করার লক্ষ্যে নতুন প্রকল্প তৈরির কাজ চলমান রয়েছে।
বিরাজমান পরিস্থিতিতে উক্ত শিক্ষকদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে প্রধানমন্ত্রী এ অনুদান প্রদান করলেন।


