সিরাজগঞ্জের শিয়ালকোলে এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের বহুতি বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হাওলদার (৭০) ও কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের সিএনজিচালক আশিক আহমেদ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মাছ ধরার জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। পরে তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি অটোরিকশা করে সিরাজগঞ্জ শহরের দিকে রওয়ানা হন।
পথে বটতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই আশিক ও ঠাকুর হাওলদারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত বিষ্ণ হাওলদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে লাশ বাড়িতে নিয়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা লাশ দুটি নিয়ে গেছে। তবে এ ঘটনায় নিহত যাত্রীর ছেলে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।




