তিন দিনের সরকারি সফরে কম্বোডিয়ায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের নিযুক্ত মিনিস্টার ইন ওয়েটিং এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কম্বোডিয়ায় বর্তমানে অ্যাক্রেডিটেড সাদিয়া মুনা তাসনিম।
এর আগে আজ সকাল ৮টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে নমপেনের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, চিফ হুইপ এ. এস. এম. ফিরোজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
তার সফর কর্মসূচির মধ্যে রয়েছে- বিকেলে নমপেনে স্বাধীনতা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের রাজকীয় প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে এই সফরে গেছেন। তার এই সফরে এশিয়ার এ দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে ঢাকা আশা করছে।
শেখ হাসিনা কম্বোডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেয়া নৈশভোজে যোগ দেবেন। অনুষ্ঠানে কম্বোডিয়া প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করবেন।
সোমবার দুই প্রধানমন্ত্রীর একান্ত আলোচনার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে ১১টি চুক্তি ও ৯টি সমঝোতা স্মারক সই হবে।
অনুষ্ঠানে উভয় দেশের জাতির পিতার নামে ঢাকা ও নমপেনের দুটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণের ঘোষণা দেয়া হবে। পরে শেখ হাসিনা ও হুন সেন যৌথ বিবৃতি প্রদান করবেন।
তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর বিকেলে দেশে ফিরবেন।

