খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি : নির্বাচন কমিশনের নির্দেশ সত্বেও তালা উপজেলার কুমিরা ইউনিয়নে ভোট ডাকাতি মামলার আসামীরা গ্রেফতার না হওয়ায় এবং ৩ মামলার শতাধিক আসামী প্রকাশ্যে নির্বাচনী মহড়া দেয়ায় আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ৩টি কেন্দ্রের পুনঃনির্বাচন নিয়ে ভোটারদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে। অন্যদিকে কুমিরা ইউনিয়নের পুরা নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হওয়ায় সব’কটি কেন্দ্রে পুনঃভোট গ্রহনের দাবীতে সোচ্চার হয়ে উঠেছেন ওই ইউনিয়নের ভোটাররা।
সরেজমিনে উপজেলার ৪ নং কুমিরা ইউনিয়নের অভয়তলা, দাদপুর ও ভাগবাহ কেন্দ্র সংশ্লিষ্ট এলাকার ভোটারদের সাথে কথা বলে জানাযায়, বিগত ২২ মার্চ নির্বাচনের পূর্বরাতে ওই ৩ টি কেদ্রের দখল নিয়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলামের সশস্ত্র ক্যাডারা ভোট ডাকাতি করাকালিন সময়ে পুলিশের সাথে সংঘর্ষে ২ ক্যাডার গুলিবিদ্ধ হয় ওই সকল কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলামসহ তার ক্যাডারদের নামে নির্বাচন কমিশনের নির্দেশে ৩ টি পৃথক মামলা দায়ের করে প্রশাসন কিন্ত নির্বাচন কমিশনের কঠোর নির্দেশ সত্বেও প্রার্থী আজিজুল ইসলাম ও তার ক্যাডারদের দীর্ঘ দিনেও পুলিশ আটক করেনি। প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ গোলাম মোস্তফা খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনসহ নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, রিটার্নিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরে লিখিত অভিযোগ করে ইউনিয়নের ৯ টি কেন্দ্রেই পুনঃভোট দাবী করেন। কিন্ত তা সত্বেও নির্বাচন কমিশন থেকে আগামী ৩১ অক্টোবর ওই ইউনিয়নের ৩ টি কে কেদ্রে পুনঃভোট গ্রহনের জন্য তপশীল ঘোষনা করা হয়। ইউনিয়ন ব্যাপী পুনরায় শুরু হয় আজিজুল ইসলামের ক্যাডার ও ভোটডাকাতি মামলার আসামীদের সশস্ত্র মহড়া।
নাম প্রকাশ না করার স্বার্থে ওই ইউনিয়নের একজন শিক্ষক জানান,বিগত ২২ মার্চ নির্বাচনের আগেও আজিজুল ইসলামের ক্যডাররা প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থীকে ইউনিয়নের কোথাও সভা সমাবেশ ও নির্বাচনী প্রচারনা চালাতে দেয়নি। ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দেয়া হয়।
সশস্ত্র মহড়ার মাধ্যমে ইউনিয়নের ভোটারদের মাঝে চরম আতংক ও উৎকণ্ঠার সৃষ্টি করা হয় এবং পরিশেষে ২২ মার্চ ভোটের পূর্বরাতে পুলিশের সাথে গোলাগুলির মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। আগামী ৩১ অক্টোবর পুনঃনির্বাচনের তপশীল ঘোষনার পর পূর্বের সেই পরিস্থিতি পুনরায় সৃষ্টি করায় ভোটাররা আদৌ ভোট দিতে পারবেন কি-না তা নিয়ে একদিকে যেমন শংকা দেখা দিয়েছে তেমনি ভোটারদের মাঝে ছড়িয়ে পড়েছে চরম আতংক-উৎকণ্ঠা। ফলে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ওই ইউনিয়নে একজন সত্যিকার জনপ্রতিনিধি নির্বাচনের স্বার্থে কুমিরা ইউনিয়নের সকল কেন্দ্রেই পুনঃভোট গ্রহনের কোন বিকল্প নেই বলে মনে করছেন ভোটাররা।