সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) কার্যনির্বাহী কমিটির ২০২২-২৩ মেয়াদে নিবার্চনে সভাপতি পদে ৭২৪ ভোট পেয়ে সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে ৭৩৬ ভোট পেয়ে আকতার হোসেন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। এর আগে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৬টা পর্যন্ত।
এবারের নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৯৬৪ জন। ডিইউজের নির্বাচনে ৩টি প্যানেল এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম প্যানেল, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ। এই তিনটি পরিষদে মোট ৬১ জন প্রার্থী ভোটে লড়েছেন। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী লড়েছেন আরও ১০ জন। ফলে এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৭১ জন।
এছাড়া নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে এম এ কুদ্দুস ৬৭৩ ভোট এবং সহ-সভাপতি পদে মানিক লাল ঘোষ ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম ৬৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম পেয়েছেন ৭২৯ ভোট,সাংগঠনিক সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ পেয়েছেন ৮৬৪ ভোট,আইন বিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলী পেয়েছেন এক হাজার ৫৯ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ ৭৬৮ ভোট, দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান ৭২০ ভোট পেয়ে, কল্যাণ সম্পাদক পদে জুবায়ের রহমান চৌধুরী ৭৬৪ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভিন ৮৮১ ভোট, নারী বিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু ৭০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী পরিষদ সদস্য পদে মুজিব মাসুদ ৬৭৫, দুলাল খান ৬৪৪, ইব্রাহিম খলিল খোকন ৬২৪, আসাদুর রহমান ৬০৭, সলিম উল্লাহ সেলিম ৬০৬, আনোয়ার হোসেন ৫৯২, মহিউদ্দিন পাশা ৫৪৫ ও রেহানা পারভীন ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


