আাব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতিকে ছুরিকাঘাত করে দুই লক্ষ টাকা ছিনতাইয়ের মামলার মুল হোতা মাজেদুর রহমান মাজেদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোল্লা সাইফুল ইসলাম তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ছিনতাই মামলার মূল হোতা মাজেদুর রহমান মাজেদ ঠাকুরগাঁও পৌরসভার এমএলএসএস (পিয়ন) ও সে শহরের বসিরপাড়া এলাকার হামিদুর রহমানের ছেলে।
যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী বাদী হয়ে গত বহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর থানায় মাজেদুর রহমান মাজেদ, এন্তাজুল ইসলাম এন্দা, মামুনুর রশিদ মামুন ও নিয়ন ইসলামকে আসামী করে ছিনতাইয়ের একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শুক্রবার (২ সেপ্টেম্বর) ভোরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমজাদ হোসেন অভিযান চালিয়ে বাড়ী থেকে মামলার মুল হোতা মাজেদুর রহমান মাজেদকে গ্রেপ্তার করে।
উলে¬খ্য, গত বুধবার (২৪ আগস্ট) অটোরিকশা ব্যবসায়ী ও শহরের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী দুই লাখ টাকা নিয়ে ইসলামনগর রোড থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন। পথে গোবিন্দনগর এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মাজেদুর রহমান মাজেদ সহ কিছু দুর্বৃত্ত তাঁর পথ আটকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।




