ইদানীং টিআইবি কথায় কথায় বিবৃতি দেন। রিজভী সাহেব যেমন ঘটনা ঘটার আগেই বিবৃতি লিখে রাখেন, এখন মনে হচ্ছে টিআইবিও ঘটনার আগেই বিবৃতি লিখে রাখে। টিআইবি আর রিজভী আহমেদের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার (১০ মে) বিকেলে রংপুরে আওয়ামী লীগের মেট্রোপলিটন কোতোয়ালি থানার ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আগে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, মধ্যরাতে টিটিইকে নিয়ে একটি ঘটনা ঘটেছিল। পরদিন সকাল বেলা কোনও খোঁজ খবর না নিয়েই টিআইবি একটি বিবৃতি দিয়ে দিলো।
হাছান মাহমুদ এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদকে নিয়ে বলেন, কুমিল্লার চান্দিনায় আমাদের ছেলেরা ঢিলও ছোড়েনি, শুধু একটা তরমুজ ছুড়ে মেরেছে। সেটির প্রত্যুত্তরে রেদোয়ান গুলি ছুড়েছেন। আমাদের দলের দুজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তার এই গুলি ছোড়ার পক্ষে সাফাই গেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।