নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. এমরান হোসেন জানান, শনিবার সকাল পৌনে ৭টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিম পাশের এ দুর্ঘটনায় ছয়জন মারা যান।
পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি।
এসআই এমরান বলেন, চন্দ্রা থেকে গাজীপুরগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হলে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। বাসেরও সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
“নিহতদের মধ্যে লেগুনার চালক ও একজন নারী রয়েছেন। পুলিশ ও এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।”
আহতরা হলেন লেগুনার যাত্রী নূর মোহাম্মদ (৩৫), বাবুল (৩৫), হাবিবুল্লাহ (৩৮), নজরুল হোসেন (১৮), আশিকুল ইসলাম (৪২) ও নাজমুল হক (৪০)।
ওই এলাকার পরিবহন শ্রমিক ঘটনার প্রত্যক্ষদর্শী মো. নাজির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাঙ্গাইলগামী মুমু পরিবহনের একটি বাস ঘটনাস্থলে রাস্তার পাশে দঁড়িয়ে যাত্রী তুলছিল।
“এ সময় গাজীপুরগামী যাত্রীবাহী ওই লেগুনাটি সামনে থাকা অপর একটি বাসকে পাশ কাটাতে গেলে মুমু পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।”
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, আহতদের জরুরিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে এক নারীসহ ছয়জনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে তিনি জানান।