ঝিনাইদহ প্রতিনিধি॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড জাকির হোসেন হবি বলেছেন, সমাজের সকল অন্যায়, দুর্নীীতি, অনাচার রুখতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
কালো টাকার পেশি শক্তি ও দুর্নীতি রাজনীতিসহ সমগ্র সমাজকে ধ্বংস করছে। অন্দোলনের মাধ্যমে সরকারকে কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে বাধ্য করতে হবে।
কৃষি ভিত্তিক শিল্প ছাড়া দেশের বেকার সমস্যার সমাধান হবে না। মঙ্গলবার ঝিনাইদহের কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ যুব মৈত্রীর ঝিনাইদহ জেলা সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
দুপুর ১২ টায় সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোস্তফা আলমগীর রতন। উদ্বোধনী ভাষনে রতন বলেন, পুঁজিবাদ এখন বিশ্বকে গ্রাস করছে। কৃষকের ঘরে ঘরে হাঁহাকার। লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার।
অপর দিকে এক শ্রেণীর লোক রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে টাকার পাহাড় গড়ছে। ৯৫ ভাগ সম্পদ আজ ৫ ভাগ মানুষের হাতে। তাদের কারনে নিয়মতান্ত্রিক রাজনীতি আজ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যুব সমাজকে সমাজ পরিবর্তনে এগিয়ে যেতে হবে।
সংগঠনের জেলা সভাপতি অরুন ঘোষের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মোফাজ্জেল হোসেন মঞ্জু, সম্পাদক ম-লীর সদস্য লিয়াকত হোসেন, নিমাই চন্দ্র দে, খেত মজুর ইউনিয়নের জেলা সভাপতি শামসুর রহমান আক্তার, ছাত্র মৈত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমরান হোসেন, যুব মৈত্রী জেলা সহ-সভাপতি রেজাউল ইসলাম ও প্রভাষক বিপ্লব বিষ্ণু এবং ছাত্র মৈত্রীর জেলা নেতা বাবলু মজুমদার।
উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক স্বপ্না সুলতানা।
সম্মেলন শেষে প্রভাষক বিপ্লব বিষ্ণুকে সভাপতি, মামুন হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট যুব মৈত্রীর ঝিনাইদহ জেলার নতুন কমিটি গঠন করা হয়।