জাহিদুল ইসলাম সেতু,মাগুরা প্রতিনিধিঃ ভুল চিকিৎসায় এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ তুলে ঝিনাইদহ শহরে একটি হাসপাতালে ভাংচুর করেছে তার স্বজনরা। রোববার শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ঝিনাইদহ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে এ ঘটনা ঘটে।
মৃত আলি আহসান সদরের খাজুরা গ্রামের নাজির উদ্দিনের ছেলে।স্থানীয় কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল সে।
তার বাবা নাজির উদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকালে আলী আহসানের পেটে ব্যথা হলে তাকে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা-নিরীক্ষার পর বলা অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করতে হবে। পরে ওইদিন রাতেই অপারেশন করানো হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মোজাম্মেল হক অস্ত্রোপচার করেন জানিয়ে তিনি বলেন, অপারেশন শেষে তিনি চলে যান। আর রোববার সকালে ছেলের মৃত্যু হয়।
সদর থানার ওসি এমদাদুল হক শেখ স্টারমেইল টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ওই ছাত্রের মৃত্যু হলে তার স্বজনরা হাসপাতাল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে কথা বলার হাসপাতাল কর্তৃপক্ষকে পাওয়া যায়নি।


