ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৮ অক্টোবর’২০১৬ঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন মৃধা (৬৫) ও তার ছেলে মোরশেদ মৃধা (৩০) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবিরপুর জাকির মেডিকোর সামনে এ ঘটনা ঘটে। মুক্তার মৃধা ও তার ছেলে ওই উপজেলার কৃপালপুর গ্রামের অধিবাসি। বর্তমানে তারা শৈলকুপা শহরে বাস করতেন।
শৈলকুপা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, মুক্তার আহমেদ মৃধা ও তার ছেলে কবিরপুরে জাকির মেডিকোর সামনে বসে ছিলেন। এসময় ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে তিনি কিছুই জানাতে পারেননি।