ঝালকাঠি প্রতিনিধি: খাদ্য অধিকার বাংলাদেশ এর উদ্যোগে ঝালকাঠিতে সপ্তাহব্যাপী ‘খাদ্য অধিকার ক্যাম্পেইন’ শুরু হয়েছে।
শনিবার সাম্প্রতিক প্রেক্ষাপটে হাওর এলাকার দুর্গত মানুষের খাদ্যপ্রাপ্তি ও খাদ্য অধিকার নিশ্চিত করা, দেশে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির ফলে খাদ্য ও অন্য কৃষি পণ্যের সম্ভাব্য ঘাটতি মোকাবেলা, আসন্ন রোজার মাসে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ এবং খাদ্য অধিকার প্রতিষ্ঠায় আইনী কাঠামোর প্রয়োজনীয়তা বিষয়ের প্রচারসহ সাংগঠনিক কার্যক্রম ক্যাম্পেইনে অন্তর্ভূক্ত রয়েছে।
ক্যাম্পেইনের প্রথম দিনে স্টেপ্স মিলনায়তনে খাদ্য অধিকার বাংলাদেশ এর ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমু এতে সভাপতিত্ব করেন। কমিটির সহ-সভাপতি ও ধানসিড়ি সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইসরাত জাহান সোনালী, কমিটির সাধারণ সম্পাদক ও স্টেপসের জেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান, কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানইজেশন (সাইডো) এর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, কমিটির প্রচার সম্পাদক ও নলছিটি মডেল সোসাইটির (এনএমএস) নির্বাহী পরিচালক খলিলুর রহমান মৃধা, নির্বাহী সদস্য ও ওয়ার্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দীপু লাল দাস, নির্বাহী কমিটির সদস্য ও প্রবাহ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ আল আমিন প্রমুখ আলোচনায় অংশ নেন।
সভায় খাদ্য অধিকার ক্যাম্পেইনের জন্য জমায়েত, আলোচনা, র্যালি, প্রচারপত্র বিলিসহ বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ, জেলা বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও ঘোষণাসহ সাংগঠনিক কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




