ক্রীড়া ডেস্ক: হ্যামিল্টন টেস্টের নিয়ন্ত্রণটা একদিন নিউজিল্যান্ডের তো অন্যদিন শ্রীলঙ্কার।
প্রথম দিনটা নিজেদের করে নিয়েছিল নিউজিল্যান্ড, দ্বিতীয় দিন শ্রীলঙ্কা। রোববার তৃতীয় দিন শেষে নিয়ন্ত্রণটা অনেকটাই আবার নিউজিল্যান্ডের। বলা ভালো, জয়ের সুবাস পাচ্ছে কিউইরা। অথচ তৃতীয় দিনের শুরুতেও ম্যাচের নিয়ন্ত্রণটা ছিল শ্রীলঙ্কার হাতে।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৩৭ রানে গুটিয়ে দিয়ে লঙ্কানরা লিড নিয়েছিল ৫৫ রানের। দ্বিতীয় ইনিংসে দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিসের ৭১ রানের উদ্বোধনী জুটিতে কিউইদের বড় লক্ষ্য বেঁধে দেওয়ার স্বপ্নও দেখেছিল অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। কিন্তু এরপর?
মাত্র ৬২ রানের মধ্যে দশ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা অলআউট মাত্র ১৩৩ রানে। নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য তখন ১৮৯ রান। কেন উইলিয়ামসনের ব্যাটে সেই লক্ষ্য পূরণের পথে অনেকটাই এগিয়ে কিউইরা। তৃতীয় দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৪২ রান। ৫ উইকেট হাতে রেখে জয়ের জন্য কিউইদের চাই আর ৪৭ রান। এখনো ৭৮ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন।
এর আগে দ্বিতীয় দিনের ৯ উইকেটে ২৩২ রানের সঙ্গে তৃতীয় দিনে আর ৫ রান যোগ করতেই প্রথম ইনিংসে অলআউট নিউজিল্যান্ড। ৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ের শুরুটা দারুণই হয়েছিল লঙ্কানদের। করুনারত্নে আর মেন্দিসের উদ্বোধনী জুটিতে আসে ৭১ রান। এর পরেই পথ হারায় সফরকারীরা।
কিউই পেসারদের তোপে পড়ে ৭১ থেকে ৭৭, ৬ রানের মধ্যেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ৮৭ রানে আরো এক উইকেট। ইনিংসের ২৩তম ওভারে দুই বলের ব্যবধানে করুনারত্নে (২৭) আর উদারা জয়াসুন্দেরাকে (০) সাজঘরে ফেরান ডগ ব্রেসওয়েল। এরপর দিনেশ চান্দিমালকে (৪) নিল ওয়াগনার আর মেন্ডিসকে (৪৬) বিদায় করেন টিম সাউদি।
ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি শ্রীলঙ্কা। ব্রেসওয়েল, সাউদি ও ওয়াগনারের কাছে নিয়মিত বিরতিতেই উইকেট দিয়ে আসে লঙ্কান ব্যাটসম্যানরা, দল অলআউট হয়ে যায় মাত্র ১৩৩ রানে। শেষ ৬২ রানেই নেই দশ উইকেট! পরের ব্যাটসম্যানদের মধ্যে মিলিন্দা শ্রীবর্ধনে (২৬) ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
মাত্র ২৬ রানের বিনিময়ে ৪ উইকেট নেন সাউদি। ৪০ রানে ৩ উইকেট ওয়াগনার। আর ব্রেসওয়েল ৩১ রানে নেন ২ উইকেট।
১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি নিউজিল্যান্ডের। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া লঙ্কান পেসার দুশমান্থা চামিরা দ্বিতীয় ইনিংসেও জ্বলে ওঠেন। দলীয় ১১ রানের মধ্যেই ফিরিয়ে দেন দুই ওপেনার টম লাথাম (৪) আর মার্টিন গাপটিকে (১)।
এর পরেই প্রথম ইনিংসে ডাক মারা রস টেলরকে নিয়ে প্রতিরোধ গড়েন ওই ইনিংসে এক রান করা উইলিয়ামসন। তৃতীয় উইকেটে দুজন যোগ করেন ৬৭ রান। টেলরকে (৩৫) ফিরিয়ে এ জুটিও ভাঙেন চামিরা। তবে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর একশ’ পার করেন উইলিয়ামসন। সেই সঙ্গে তিনি নিজে তুলে নেন ফিফটি।
অবশ্য দিনের শেষ ছয় ওভারের মধ্যে ম্যাককালাম (১৮) আর মিচেল স্যান্টনারের উইকেট তুলে নিয়ে লড়াইটা খানিকটা জমিয়ে তুলেছে শ্রীলঙ্কা। সোমবার চতুর্থ দিনে কোনোমতে কিউইদের ৫ উইকেট নিতে পারলে জয়ের সম্ভাবনা আছে তাদেরও। তবে তেমন কোনো নাটকীয়তা না হলে দুই ম্যাচ সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশের লজ্জাতেই ডুবতে হবে লঙ্কানদের।