জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা নেই

বিশেষ প্রতিনিধিঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব না নেওয়ায় এবারও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জেএসসি-জেডিসি পরীক্ষা হবে জানিয়ে মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এ বিষয়ে দ্বিধা-দ্বন্দ্ব বা অনিশ্চিয়তার কিছু নেই। তিনি বলেন, শেষ মুহূর্তে দায়িত্ব পাওয়ায় প্রস্তুতিতে চাপ পড়লেও জেএসসি ও জেডিসি পরীক্ষা ঠিক সময়েই অনুষ্ঠিত হবে। এ নিয়ে উদ্বিগ্ন ও অনিশ্চয়তায় না ভুগতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।

আজ রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর এ দুটি পরীক্ষা শুরু হবে। বোর্ডগুলো এ পরীক্ষা অনুষ্ঠানে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

পরীক্ষা শুরুর মাত্র ১২দিন আগে গত বৃহস্পতিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিতে অপারগতা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়কে উপানুষ্ঠানিক পত্র দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। ওই চিঠিতে এ দুই পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার কথা বলা হয়। এর পরিপ্রেক্ষিতে আজকের এ সংবাদ সম্মেলন।

শিক্ষামন্ত্রী বলেন, এখন খুবই অল্প সময় হওয়ায় আমাদের দিনরাত খাটতে হবে। তবে আমরা দায়িত্ব নিয়েছি। কারণ পরীক্ষাটা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, পরীক্ষা এবং ফলাফল যথাসময়ে হবে। এ নিয়ে যেন কেউ দ্বিধায় না থাকেন।

আগামী ১ নভেম্বর শুরু হবে এ দুই পরীক্ষা। শেষ হবে ১৭ নভেম্বর। আগে সিদ্ধান্ত ছিল, চলতি বছর থেকেই অষ্টম শ্রেণি স্তরের জেএসসি ও জেডিসি পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে হবে।

এবার এ দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৪ লাখ ১০ হাজার ১৫ জন। এর মধ্যে ছাত্রী ১২ লাখ ৮৬ হাজার ৮৫৩ জন আর ছাত্র ১১ লাখ ২৩ হাজার ১২৬জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।