আগামী জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।
সভায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ আগস্ট শহীদদের স্মরণে আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত, পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী, আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফারুক আকন, ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, জুলাই যোদ্ধা আবুল হোসেন মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের মধ্যে গণতন্ত্র, স্বাধীনতা, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনা বিকাশে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।