বিশেষ প্রতিবেদকঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাক্ষীদের জেরা অব্যাহত রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ এ মামলার আসামিদের আইনজীবীরা সাক্ষীদের জেরার কার্যক্রম অব্যাহত রেখেছেন। এ মামলায় আগামী ১৬ জুন দিন রেখেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। সকাল পৌনে ১১টায় মামলার চতুর্থ সাক্ষী সোনালী ব্যাংকের কর্মকর্তা আবুল খায়েরকে জেরা করেন খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান।
পরে পর্যায়ক্রমে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে আইনজীবী রেজাউল করিম সরকার তাঁর জেরা শেষ করেন।
পরে আরো নতুন তিনজন সাক্ষী আদালতে সাক্ষীর জবানবন্দি দেন। তাঁরা হলেন, পঞ্চম সাক্ষী সোনালী ব্যাংকের কুমিল্লা করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হারুন অর রশিদ, ষষ্ঠ সাক্ষী প্রাইম ব্যাংকের গুলশান শাখার ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন এবং সপ্তম সাক্ষী প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মাসুদ বিন করিম। তাঁদের আজ জেরা না হওয়ায় বিচারক জেরার জন্য আগামী ১৬ জুন পরবর্তী দিন ধার্য করেন।
আজ আদালতে দুদকের পক্ষে ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোশাররফ হোসেন কাজল।
২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের সাবেক বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন। এরপরই মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়।
জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে গত ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন রমনা থানায় এ মামলা করে।
২০১০ সালের ৫ আগস্ট দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ মামলার তদন্ত শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বাকি চার আসামি হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
আসামিদের মধ্যে ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক, বাকিরা জামিনে আছেন।
মামলায় এতিমদের সহায়তা করার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়।