জানুয়ারির প্রথমে বাংলাদেশে আসবেন সৌদি যুবরাজ

জানুয়ারির প্রথমে বাংলাদেশে আসবেন সৌদি যুবরাজ

বাংলাদেশ আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। আশা করা হচ্ছে, ২০২৩ সালের জানুয়ারির প্রথম দিকে তিনি বাংলাদেশে আসবেন।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ আগে রিয়াদের ডিজিটাল সিটির ক্রাউন প্লাজা হোটেলে ৩০-৩১ অক্টোবর যৌথ কমিশনের সভা অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশ-সৌদির মধ্যে ১৪তম যৌথ কমিশন সভা।

যৌথ কমিশন সভায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দুটি সমঝোতা স্বারক সই হয়। নৌ পেশাজীবীদের মধ্যে প্রশিক্ষণ, নিয়োগসহ সম্ভাব্য সব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সৌদির যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এফবিসিসিআই, বাংলাদেশ এবং ফেডারেশন অব সৌদি চেম্বার অ্যান্ড কমার্সের মধ্যে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনে সমঝোতা স্বারক সই হয়েছে। এর মাধ্যমে দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে।

সভার বিষয় তুলে ধরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান জানান, সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করা হচ্ছে সৌদি যুবরাজ বাংলাদেশে সফর করবেন। এ সফর দুই দেশের সম্পর্ক বৃদ্ধি করতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, জরুরি ভিত্তিতে বাণিজ্যিকভাবে এলএনজি সরবরাহ ও ইস্টার্ন রিফাইনারি ইউনিট-২ প্রকল্পে বিনিয়োগ ও সহযোগিতার আশ্বাস দিয়েছে সৌদি আরব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।