বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক অগ্রগতিতে শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের যে অবস্থান তৈরি হয়েছে তা এগিয়ে নিতে শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের ভূমিকা আরো জোরদার করতে হবে ।
মন্ত্রী আজ রাজধানীর ইনস্টিটিউট অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মিলনায়তনে নির্বাচিত শিল্প প্রতিষ্ঠানসমূহের মধ্যে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮ এবং ব্যবসায়ী সংগঠনসমূহের মধ্যে ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন ক্রেস্ট ২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এই অনুষ্ঠান আয়োজন করে।
শিল্পসচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ময়মনসিংহ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা এবং বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমেদ বক্তৃতা করেন।
দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, তীব্র প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য পণ্যের গুণগত মান বৃদ্ধির কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ব্যবসাবান্ধব শিল্প মন্ত্রণালয় দেশের সম্ভাবনাময় শিল্প খাতসমূহের বিকাশে প্রয়োজনীয় নীতি সহায়তা দিয়ে আসছে। এতে দেশের অর্থনৈতিক স্থবিরতা কেটে গেছে। এখন অর্থনীতিকে আরো গতিশীল করার সময় এসেছে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সমৃদ্ধি ও জীবনযাত্রার মানোন্নয়নে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, বেসরকারি শিল্প উদোক্তা ও ব্যবসায়ীদের আরো মনোযোগী হতে হবে। ২০২১ থেকে ২০৩০ সাল পর্যন্ত উৎপাদনশীলতার গড় বার্ষিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশে উন্নীত করার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জনে শিল্প প্রতিষ্ঠানের কর্মী ও উৎপাদন প্রক্রিয়ার দক্ষতার মান বৃদ্ধি করতে হবে। সরকারের বিভিন্ন উৎসাহ-উদ্দীপনামূলক কার্যক্রম বাস্তবায়নের ফলে দেশের শিল্পখাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে উল্লেখ করেন শিল্প প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে ৬টি ক্যাটেগরিতে ২৮টি শ্রেষ্ঠ শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮ প্রদান করা হয়। এছাড়া, প্রথমবারের মতো উৎপাদনশীলতা কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ৩টি ব্যবসায়ী সংগঠনকে ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন ক্রেস্ট ২০১৮ প্রদান করা হয়। এগুলো হচ্ছে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ এগ্রো-প্রসেসরস এসোসিয়েশন (বাপা)।