বিশেষ প্রতিবেদকঃ দেশের মানুষ এখন আর প্রশ্নবিদ্ধ ভোট চায় না। আসছে একাদশ নির্বাচন সব রাজনৈতিক দলের অংশ গ্রহণে হবে। বললেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দায়িত্বগ্রহণের পর তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, আসছে একাদশ সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু হবে। কমিশন একটা রোডম্যাপ দিয়েছে। আমরা সেই পথে এগোবো।
হেলালুদ্দীন বলেন, আমি মানসিকভাবে সব ধরনের ঝড়-ঝাপটা মাথায় নিয়ে কাজ করতে প্রস্তুত। দীর্ঘদিন মাঠপর্যায়ে কাজ করেছি। ওখানকার থেকে এখানকার ঝড়-ঝাপটা এতো বেশি তীব্র হবে না বলে বিশ্বাস করি।
তিনি বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনাররা আছেন। উনারা কমিশনকে পরিচালনা করবেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাচিবিক দায়িত্ব পালন করবো।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের দিক নির্দেশনা এবং সহযোগিতা নিয়ে আমরা কাজ করবো। কমিশনাররা সিদ্ধান্ত দেন, আর সচিব সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেন। এখানে নির্বাচন কমিশন সচিবালয়ের আলাদা কোনো সত্ত্বা নেই।
হেলালুদ্দীন সকালে ইসি সচিবালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর কমিশনের কর্মকর্তা-কর্মচারীররা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগের আগে তিনি ঢাকার বিভাগীয় কমিশনার ছিলেন।