ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দীর্ঘ ১৮ বছর পরে এই বরিশাল ১ আসনটি আবার ফিরে পেল বিএনপি। জহির উদ্দিন স্বপনের বিজয়
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
বেসরকারি ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে জহির উদ্দিন স্বপন পেয়েছেন ১ লাখ ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে আবদুস সোবাহান পেয়েছেন ৪৪ হাজার ১৮৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রাসেল সরদার পেয়েছেন ৫ হাজার ১১৯ ভোট। জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী সেকান্দার আলী পেয়েছেন ১ হাজার ৩৯০ ভোট।
ফলাফল অনুযায়ী, দুই উপজেলায় মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৯২টি। বাতিল ভোট ২ হাজার ৯৮০টি। সর্বমোট প্রদত্ত ভোট ১ লাখ ৬১ হাজার ৯৭৩।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। জাতীয় ভোটের ফলাফলের সাথে বহুল প্রতিক্ষিত গণভোটও অনুষ্ঠিত হয়। আর প্রতিটি আসনেই বিপুল ভোটে হ্যাঁ জয়যুক্ত হয়।
এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৪ হাজার ৩০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৩ হাজার ৭৫৬ জন। নারী ভোটার এক লাখ ৫০ হাজার ৫৪৮ জন। বেসরকারিভাবে ফলাফলে এ তথ্য জানা গেছে।
জনাব জহির উদ্দিন স্বপন বলেন, আপনাদের ভালোবাসা, আস্থা ও বিপুল সমর্থনে আমাকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় আমি বরিশাল-১ বাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই বিজয় আমার একার নয়—এটি গৌরনদী ও আগৈলঝাড়ার সর্বস্তরের মানুষের বিজয়। ইনশাআল্লাহ, আপনাদের পাশে থেকে উন্নয়ন, শান্তি ও ন্যায়ের পথে আমরা একসাথে এগিয়ে যাব।
উল্লেখ্য, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ১৯৯৬ সালে প্রথমবার এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী শেখ মুজিবের ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর নবম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সংসদ সদস্য নির্বাচিত হন।
এ ক্যটাগরির আরো খবর..