স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলটির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের রাজনৈতিক তালিম দিলেন।
শুক্রবার বিকালে ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিয়ে ছাত্রদলের কর্মকাণ্ড কেমন হওয়া উচিত, স্লোগানের বিষয়বস্তু, সাধারণ ছাত্রদের সমর্থন আদায়ের কৌশলসহ সার্বিক বিষয় নিয়ে দীক্ষা দেন তিনি। একইসঙ্গে ছাত্রদলের কিছু কিছু কর্মকাণ্ড নিয়ে মৃদু ক্ষোভও জানান বিএনপি চেয়ারপারসন।
এসময় শিগগিরই ছাত্রদলের কমিটি করার কথা জানান সাবেক এই প্রধানমন্ত্রী।
বিকাল সাড়ে ৩টার দিকে অনুষ্ঠানস্থল রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আসেন খালেদা জিয়া। পরে আনুষ্ঠানিকভাবে ছাত্র সমাবেশের উদ্বোধন করে তিনি মঞ্চে আসেন।
খালেদার সঙ্গে মঞ্চে ছিলেন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা। বিএনপির অন্যান্য নেতারা সামনের সাঁড়িতে বসেন।
খালেদা জিয়ার আগে দেয়া বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছাত্রদলকে নসিহত করেন।
ফখরুল বলেন, ‘ঘরের মধ্যে উত্তর, দক্ষিণ, অমুক ভাই-তমুক ভাইয়ের নামে স্লোগান না দিয়ে দেশপ্রেমের স্লোগান নিয়ে সারাদেশে ছড়িয়ে পড়তে হবে। আন্দোলনের মাধ্যমে জালিম সরকারকে পরাজিত করতে হবে। অন্যথায় ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’
অন্যদিকে বক্তব্যের শুরুতে খালেদা জিয়া ছাত্রদলের কমিটি প্রসঙ্গে কথা বলেন। বলেন, আন্দোলন-সংগ্রামে দলের প্রতি অনুগত নেতাকর্মীদের মূল্যায়ন করে শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে।
সমাবেশে ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন ‘তোমরা আজ খুব উৎসাহ-উদ্দীপনা নিয়ে এসেছো, কিছুদিনের মধ্যে তোমাদের কমিটি ঘোষণা হবে। সব কিছু মূল্যায়ন করে সকলের জন্য সমান বিবেচনায় কমিটি হবে। কোনো গ্রুপের জন্য কমিটি হতে পারে না’।
নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতার বিষয়টি উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন,‘আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কমিটি করতে হবে। ছাত্রদলের কমিটি নিয়ে জট সৃষ্টি হয়েছে, তা আমাদের ছাড়াতে হবে। ছাত্রদলকে গতিশীল করার জন্য সত্যিকারের যোগ্য ও উপযুক্ত, দলের প্রতি অনুগত এবং আন্দোলন-সংগ্রামে থাকবে-এরকম যারা প্রকৃত ছাত্র তাদের দিয়েই সংগঠন করতে হবে। তাহলেই সংগঠন শক্তিশালী হবে।’
কমিটিতে স্থান না পেলে তাদের বিএনপির অন্য অঙ্গসংগঠনে পদ দেওয়ার আশ্বাসও দিয়ে খালেদা জিয়া বলেন, ‘সবাইকে মূল্যায়ন করা হবে। ছাত্রদলে যদি জায়গা না পায়, তাহলে তার রাজনীতি শেষ হয়ে গেল না। আরও জায়গা আছে, সেখানে তাকে দেওয়া হবে। অবশ্যই আন্দোলন-সংগ্রামের অবদান মূল্যায়ন করা হবে। এভাবে আমরা ছাত্রদলকে গোছাতে চাই।’
ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা প্রত্যেকে আমার ছেলের মতো। যারা আন্দোলন–সংগ্রাম করেছো, সবাইকে আমরা মূল্যায়ন করতে চাই। তবে জায়গা থাকতে হবে তো।
আমি বলতে চাই না কেউ বাদ পড়ে যাচ্ছে। তবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কিছুটা হয়ত হতেই পারে। যারা কমিটিতে স্থান পাবে না, তাদের যুবদল ও স্বেচ্ছাসেবক দলে দেওয়া হবে।”
বিএনপি প্রধান বলেন, “সকলকে নিয়ে কাজ করতে হবে। আমি বাদ পড়েছি বলে কমিটির বিরুদ্ধে একটা গ্রুপ করে আন্দোলন করব, তাহলে তো তুমি নিজেই নিজের পায়ে কুড়াল মারবে, ক্ষতিগ্রস্ত হবে। কিংবা অমুক ভাই-তমুক ভাই কমিটিতে নেয়নি বলে তাদের বিরুদ্ধে গিয়ে তাদের ওপর ঝামেলা করবে, গালিগালাজ করবে, সেটাও হয়ত ঠিক হবে না।”
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ছাত্রলীগের হাতে আজ লাঠি-সোটা, বন্দুক-অস্ত্র থাকে। আমি বলতে চাই, আমার ছেলেদের হাতে অস্ত্র নয়, থাকবে বই-খাতা-কলম। আমরা চাই, একটা সুন্দর জাতি উপহার দিতে, সেজন্য তোমাদের হাতে এগুলো থাকা দরকার।’
খালেদা জিয়া বলেন, ‘জিয়াউর রহমানের হাতে গড়া এই ছাত্রদল। তোমরা পারবে না দেশটাকে গড়তে? তোমরা পারবে না দেশে শান্তি-শৃঙ্খলা-উন্নয়ন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে?’
শিক্ষকদের সন্মান জানাতে ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্চিত হচ্ছে। তোমরা এর প্রতিবাদ করবে। মৌন মিছিল করবে তাহলে দেখবে সাধারণ ছাত্রদের তোমাদের প্রতি সমর্থন বাড়বে।’
দল ও সংগঠনের শৃঙ্খলা মেনে চলা এবং নেতাদের সম্মান করাসহ ‘সিনিয়র-জুনিয়র মেনে চলার’জন্য ছাত্রদল নেতাকর্মীদের উপদেশ দেন বিএনপি চেয়ারপারসন। বলেন, মাজারে গেলে ধাক্কাধাক্কি, হইচই চাই না।তোমাদের সুশৃঙ্খল হতে হবে।’
মির্জা ফখরুলের মতো খালেদা জিয়াও ছাত্রদল কর্মীদের নিজ নিজ পছন্দের নেতার নামে স্লোগান দেয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উত্তর,দক্ষিণ, অমুক ভাই-তমুক ভাইর নামে স্লোগান দিলে হবে না। স্লোগানে তো কোনো নতুনত্ব দেখতে পাই না। এতো ইস্যু আছে তোমরা সেসব নিয়ে তোমরা সেসব বিষয় নিয়ে কথা বলবে। জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’