নিউজ ডেস্কঃ ভারত চিন সীমান্তের ডোকালাম অঞ্চল থেকে চীন সেনা সদস্যদের না সরালে ভারতীয় সেনাদেরও সরানো হবে না বলে জানিয়েছে দেশটির সরকার।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বলা হয়, চিনের কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না ভারত। তবে কূটনৈতিক স্তরে এই সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করছে তারা।
২০১২ সালে সীমান্ত সমস্যার সমাধানে চুক্তি করে ভারত-চীন। কিন্ত সেই চুক্তি সমাধান করতে পারেনি ডোকালাম সমস্যার। উভয় দেশই নিজেদের অবস্থানে অনড় থাকায় ডোকালামে সংঘাত ক্রমশ বেড়েই চলেছে।
ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত ডোকালামে তাঁবু খাটিয়ে অবস্থান করছে ভারতীয় সেনা। সেনা সদস্যদের জন্য খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে সেখানে।
এদিকে ডোকালামে চীন সড়ক নির্মাণ করতে গেলে ভারতীয় সেনাদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করা হয়। ভারতের সেই বাধাকে সমর্থন জানায় ভুটানও।
সে সময় ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ডোকালাম ভুটানের অংশ। ভুটানকে সামরিক এবং কূটনৈতিক সমর্থন দেওয়া ভারতের দায়িত্ব। এতে ক্ষুব্ধ হয় চীন।
এদিকে ডোকালামের ঘটনায় ভারতের অভিযোগ, ভারতের দুটি অস্থায়ী সেনা ছাউনি গুঁড়িয়ে দিয়েছে চীন। তবে চীন দাবি করে, ভারতীয় সেনাবাহিনীই ডোকালামে আগ্রাসন ঘটিয়েছে।