ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র মাস চারেক বাকি থাকতে চীনের কাছ থেকে জে-১০ সিই মডেলের অত্যাধুনিক ২০টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর এতে খরচ হবে ১৫ হাজার কোটি টাকারও বেশি। এই সরকার হঠাৎ কেন এত বড় একটি ক্রয় চুক্তি করতে যাচ্ছে, তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যম ও বিভিন্ন মহলে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসেও সম্প্রতি জানানো হয়েছে এ বিষয়ে। এতে বলা হয়েছে, চীনের তৈরি ২০টি জে -১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার।
চলতি ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে বলেও এই স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে যুদ্ধবিমান ক্রয়ের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, সরাসরি ক্রয় অথবা জিটুজি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে কেনা হবে এ বিমানগুলো।
তবে প্রশ্ন উঠেছে, প্রতিরক্ষার মতো এত গুরুত্বপূর্ণ খাতের কেনাকাটার ক্ষেত্রে কেন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার? তাছাড়া, যখন নির্বাচনের আর মাত্র পাঁচ মাস বাকি, এমন সময়ে প্রতিরক্ষা খাতে অন্তর্বর্তী সরকারের এমন গুরুত্বপূর্ণ ক্রয় সিদ্ধান্ত ভাবাচ্ছে সামরিক খাতের বিশেষজ্ঞদেরও।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে অবশ্য যুদ্ধবিমান কেনার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে একটি লাইন উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতেই ২০টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে সরাসরি কেনা হবে, নাকি জিটুজি পদ্ধতিতে যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি হবে, সেটি পরিষ্কার করা হয়নি তার স্ট্যাটাসে।
উল্লেখ্য, গত বছর অগাস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় বর্তমান অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে গত মার্চে চীন সফর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই সরকারের মেয়াদকালে দফায় দফায় চীন সফর করেছেন।
এরই মধ্যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ঘোষণা অনুযায়ী ভোটের আগে এই সরকারের হাতে আছে মাত্র চার মাসের মতো।
ফলে, নির্বাচনের পূর্বমুহূর্তে প্রতিরক্ষা খাতে প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্রয়চুক্তি করা এই সরকারের জন্য কতটা যৌক্তিক তা নিয়ে সন্দিহান সামরিক খাতের বিশেষজ্ঞরা।
তবে, প্রতিরক্ষা সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতি সংক্রান্ত নিরাপত্তা সক্ষমতা (ডেফারেন্স) বজায় রাখতে বাংলাদেশের যুদ্ধবিমান কেনা প্রয়োজন বলেও স্বীকার করেন তারা।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলেও অত্যাধুনিক যুদ্ধবিমান কেনা নিয়ে বেশ তোড়জোড় ও আলোচনা হতে দেখা গিয়েছিল। ২০১৬ সাল থেকে বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত আলোচনা শুরু হয় বলে জানান সামরিক খাতের বিশেষজ্ঞরা।
সেসময় বাংলাদেশ ফ্রান্সের তৈরি রাফাল, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরো ফাইটার টাইফুন এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬; এই তিনটি থেকে কোন যুদ্ধবিমান কেনা হবে; সেটি নিয়ে আলোচনা হয়েছে। পরে, ২০২৩ সালের ১০ই সেপ্টেম্বর দুইদিনের সফরে ঢাকায় এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। সেসময় ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেওয়া হয় বলে জানান বিশেষজ্ঞরা।
তবে, করোনা মহামারির সময় আর্থিক সংকটে এসব আলোচনা থমকে গিয়েছিল। অন্তর্বর্তী সরকারের আমলে আবার যুদ্ধবিমান কেনার আলোচনা সামনে এলো।
কী বিশেষত্ব চীনের জে-১০ সিই যুদ্ধবিমানের?
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, একটি দেশের প্রতিরক্ষা খাতের দুই ধরনের কাজে মূলত যুদ্ধবিমান ব্যবহৃত হয়ে থাকে। একটি হলো ডিফেনসিভ বা প্রতিরক্ষামূলক, আর অপরটি অফেনসিভ বা আক্রমণাত্মক।
শত্রুপক্ষ হামলা করলে সেটি মোকাবিলা করায় কাজে লাগে ডিফেনসিভ। আর শত্রুর ওপর হামলা করায় লাগে অফেনসিভ।
ডিফেনসিভ যুদ্ধবিমানগুলো সাধারণত প্রতিরক্ষা ও হামলা; দুই কাজেই ব্যবহার করা যায়। বাংলাদেশের অধিকাংশ যুদ্ধবিমানই ছিল ডিফেনসিভ বা প্রতিরক্ষামূলক। এর কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতি।
সামরিক খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, চীনের ‘জে-১০’ সিরিজের যুদ্ধবিমান মূলত ব্যবহার করে তাদের অ্যারোবেটিক টিম।
গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের সময়ও চীনের এই যুদ্ধবিমান নিয়ে আলোচনা হয়েছিল। ওই সময় মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছিলো, ভারতের গর্বের প্রতীক রাফালের বিপরীতে চীনের তৈরি এই জে-১০ বিমানই ব্যবহার করেছিল পাকিস্তান এবং এতে অভাবনীয় সাফল্যও পায় তারা।
২০০৯ সালে নিজেদের প্রদর্শনীতে আনা বিমানের তালিকায় ‘জে-১০এ’ ও ‘জে-১০এস’ যুক্ত করে চীন। এরপর ২০২৩ সালে উন্নত সংস্করণ ‘জে-১০সি’তে আপগ্রেড করে দেশটি।
নিরাপত্তা খাত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে জে-১০সিই যুদ্ধবিমানের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি অনেক কম জায়গায় ‘টেক অফ’ করতে পারে।
অর্থাৎ, শত্রুপক্ষ হামলা করলে জে-১০সিই যুদ্ধবিমান অনেক কম সময়ে (রিঅ্যাকশন টাইম) স্বল্প জায়গার মধ্যে ‘টেক অফ’ করতে পারে।
রানওয়ের একটি অংশে শত্রুপক্ষ বোমা হামলা করলেও এই যুদ্ধবিমান অন্য অংশ থেকেই টেক অফ করতে পারবে।
এছাড়া, এই যুদ্ধবিমান সিঙ্গেল ইঞ্চিন ফাইটার। এর সবচেয়ে বড় সুবিধা হলো ম্যানুভারিং, অর্থাৎ ‘টপ ফাইট’ বা উঁচুতে যুদ্ধ করা যায়।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, টপ ফাইটের সময় দ্রুতগতিতে প্রচুর টার্নিং নিতে হয়। দ্রুত আকাশে ওঠার ক্ষমতা এই টপ ফাইটে প্রয়োজন। এই যুদ্ধ বিমান এমনভাবে ডিজাইন করা যাতে বিশ্বের প্রায় অধিকাংশ ম্যানুভারিং করা সম্ভব। অর্থাৎ শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া সম্ভব এই বিমান দিয়ে।
আকাশ থেকে আকাশে এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা উভয় ধরনের ক্ষেপণাস্ত্রকেই এই জে-১০সিই যুদ্ধবিমান সহজে ফাঁকি দিতে সক্ষম এর অ্যারো ডায়নামিকস ডিজাইনের কারণে।
এই যুদ্ধবিমান ‘মাল্টিরোল’ ভূমিকাও পালন করে, অর্থাৎ ডিফেনসিভ এবং অফেনসিভ দুই ধরনের কাজই এই যুদ্ধবিমানের মাধ্যমে করা যাবে।
এছাড়া, এই যুদ্ধবিমানের আরেকটি বৈশিষ্ট্য হলো শব্দের চেয়ে দ্বিগুণ এর গতিবেগ। অর্থাৎ এই বিমানটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় দুই হাজার ৪১৫ কিলোমিটার।
রাফাল এবং জে-১০সি দুটোই চার দশমিক পাঁচ প্রজন্মের যুদ্ধবিমান, কিন্তু রাডারের ক্ষেত্রে জে-১০সি বিমান রাফালের চেয়ে শক্তিশালী বলে ধারণা করা হয়।
বিমানবাহী রণতরী এবং ভূমিতে থাকা ঘাঁটি থেকে পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে এই যুদ্ধবিমান।