উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের অজপাড়াগাঁয়ে মালিয়াট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিন্দু সম্প্রদায়ের মালতী পাঠক বেতন বন্ধ ও চাকরি হারানোর আতঙ্কে আছেন।
তিনি বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) শিশির বিশ্বাসের এমপিওভুক্তি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার রোষানলে পড়েছেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নড়াইলের মালিয়াট মাধ্যমিক বিদ্যালয়ের নিন্ম মাধ্যমিক স্তর (অষ্টম শ্রেণি পর্যন্ত) এমপিওভুক্ত। নবম-দশম শ্রেণি (মাধ্যমিক স্তর) এখানো এমপিওভুক্ত হয়নি। শিশির বিশ্বাস মাধ্যমিক স্তরের কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে ২০১৪ সালের ৪ ডিসেম্বর নিয়োগ পান।
মাধ্যমিক স্তর এমপিওভুক্ত না হওয়ায় তিনি এখানো এমপিওভুক্ত হতে পারেননি। প্রধান শিক্ষক মালতী পাঠক জানান, শিশিরের নিয়োগ দেয়া হয়েছে মাধ্যমিক স্তরে। তাঁর পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের রেজুলেশন, নিয়োগপত্র ও যোগদানপত্রে সেভাবে উল্লেখ আছে। এ ছাড়া বর্তমানে কম্পিউটার বিষয়ের শিক্ষক হতে ৩ বছরের কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ক সনদ লাগবে। তাঁর আছে ৬ মাসের সনদ। অথচ ‘শিশির বিশ্বাস নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষক হিসেবে এমপিওভুক্তির জন্য কাগজপত্রে স্বাক্ষর করতে তাকে নানাভাবে চাপ প্রয়োগ করছেন। নানা হুমকিও দিচ্ছেন। এ ছাড়া শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক নিভা রানী পাঠক তাঁর আত্মীয় হওয়ায় তাঁকে দিয়ে হয়রানি করছেন। নিভা রানী পাঠক তিন দিন ফোন করেছেন কাগজপত্র স্বাক্ষর করে ছেড়ে দেয়ার জন্য।
এতে রাজি না হওয়ায় বেতন বন্ধ করা ও চাকরি খাওয়ারও হুমকি দিয়েছেন। গত ৩০ জুন উপ-পরিচালক নিভা রানী পাঠক কারণ দর্শানো নোটিশ দিয়েছেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘শিশির বিশ্বাসের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের বিষয়ে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়ায় কেন প্রধান শিক্ষকের বেতন বন্ধ করা হবে না এবং কমিটি ভেঙ্গে দেওয়া হবে না।’ এ কারণ দর্শানোর জবাব দেয়ার পর জবাব সন্তোষজনক হয়নি বলে গত ২৩ জুলাই আবার কারণ দর্শাতে নোটিশ দিয়েছেন। বার বার নোটিশ করায় প্রধান শিক্ষক মালতি পাঠক আতংকিত হয়ে পড়েছেন। তিনি মনে করছেন আরেকটি নোটিশ দিয়ে হয়তো তার বেতন বন্ধের সুপারিশ করবেন। এ অবস্থায় বেতন বন্ধ ও চাকরি হারানোর আতঙ্কে আছেন বলে জানান প্রধান শিক্ষক হিন্দু সম্প্রদায়ের মালতি পাঠক।
তিনি বলেন,‘ মাধ্যমিক স্তরে নিয়োগ দেয়া শিক্ষককে নিম্ন মাধ্যমিকে এমপিওভুক্তির জন্য ওই কাগজপত্রে স্বাক্ষর করলেতো তিনি ফেঁসে যাবেন, সে কারনে সাক্ষর করেননি। এ বিষয়ে নিভা রানী পাঠক বলেন, ‘কোনো হুমকি দেন নি। জেলা শিক্ষা অফিসারের প্রতিবেদনের ভিত্তিতে পাওয়া গেছে যে এমপিওভুক্ত করা যায়। তাঁরপরও কাগজপত্র না দেয়ায় কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। তাছাড়া কাউকে হয়রানি করলে তার জন্যও তো জবাবদিহিতা আছে।