নওগাঁর মান্দায় এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার সারওয়ার জাহান উজ্জল (৪৫) অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন।
ঘটনার প্রায় পাঁচ মাস পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত উজ্জল মান্দা উপজেলার চকভোলাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, কালীগ্রাম এলাকায় একটি বসতবাড়ি কেনার পর থেকেই স্থানীয় রাজু মেম্বার ও তার সহযোগীরা উজ্জলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২২ মার্চ দুপুরে রাজু মেম্বারের নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল উজ্জলকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে কালীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে নির্জন স্থানে তাকে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রায় ৫ মাস ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও ওয়ার্ডে চিকিৎসাধীন থাকার পর আজ তার মৃত্যু হয়।
চিকিৎসাধীন অবস্থায় উজ্জলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উজ্জলের মৃত্যুর খবর চকভোলাই ও কালীগ্রাম এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পাঁচ মাস পার হলেও প্রধান অভিযুক্ত রাজু মেম্বারসহ জড়িতদের গ্রেপ্তার না করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মূল অভিযুক্ত রাজু মেম্বারসহ ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।




