রাজিব শর্মা, চট্টগ্রামঃ শাটল ট্রেনের সীটে বসাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৭ জন নেতাকর্মী আহত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্ট্রেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুই রাউন্ড ককটেল বিস্মোরণ ঘটায় ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
আহতরা হলেন, একাউন্টিং বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইকুল, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের আশিক, আইন বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের নাফি। এরা সবাই সভাপতি অনুসারী ছাত্রলীগ কর্মী।
অন্যদিকে সাধারণ সম্পাদক অনুসারীদের মধ্যে পরিসংখ্যান বিভাগের ০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সহ- সভাপতি জামান নুর, ১১-১২ শিক্ষাবর্ষের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, লোকপ্রশাসন বিভাগের ১২-১৩ শিক্ষাবর্ষের আবু বকর আহত হয়। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে শাটল ট্রেনের একটি বগিতে শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক অনুসারী এইচ এম ফজলে রাব্বি সুজনের অনুসারী জুনিয়র কর্মীদের মধ্যে কথাকাটি হয়।
কথাকাটাকাটির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুসারী ও উপ- সম্পাদক এস এম মাসুম খান বিষয়টি দেখতে পেয়ে সমঝোতা করতে গেলে তাকে মারধর করেন সভাপতি অনুসারী ছাত্রলীগ কর্মীরা। তাকে পেছন দিক থেকে মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়।
মাসুমকে মারধরের ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সভাপতি নিয়ন্ত্রিত শাহ জালাল ও সাধারণ সম্পাদক নিয়ন্ত্রিত শাহ আমানত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সভাপতি অনুসারী ছাত্রলীগ কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে শাহ আমানত হলের গেইটে অবস্থান নেয়। পরে সাধারণ সম্পাদক অনুসারী ছাত্রলীগ কর্মীরাও দেশীয়
অস্ত্র নিয়ে তাদের ধাওয়া দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল এর ঘটনা ঘটে।
এ সময় উভয়পক্ষের সাতজন নেতাকর্মী আহত হয়। এ সময় শাহ জালাল হল থেকে দুই রাউন্ড ককটেল বিস্মোরণ ঘটায় ছাত্রলীগ কর্মীরা। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার (ভারপাপ্ত কর্মকর্তা) ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, ‘আপনারা যা দেখছেন সে ভিত্তিতে লিখবেন, আমার কোন মন্তব্য নেই। আপনাদের ওপর আমার ভরসা আছে।’
এদিকে সংষর্ষের বিষয়ে জানতে ছাত্রলীগ ও পুলিশের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় আগামী ১৭ মে অনুষ্টিত হতে যাওয়া ছাত্রলীগের হল সম্মলনকে বাধাগ্রস্থ করতে এ ধরণে ঘটনা ঘটে থাকতে পারে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ শহীদুল আলম শাহিন বলেন,“ ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সামান্য ভুল বোঝাবেঝি ঘটনা ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আলমগীর টিপু বলেন, আজকের ঘটনাটি বন্ধুদের মধ্যে ছিল। পরে তা হতাহতে রুপ নেয়। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
একই সুরে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজন বলেন, ‘ বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। পরিবর্তীতে সিনিয়দের সমঝোতায় তা শান্ত হয়েছে। দোষীদের সর্বোচ্চ সাংগঠনিক সম্পাদক ব্যবস্থা গ্রহন করা হলেও জানান তিনি।


