আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। গ্রামের নারীদের অধিকার আর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৫ সালে প্রথম আন্তর্জাতিক বা বিশ্ব গ্রামীণ নারী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। বাংলাদশে প্রতিবারের মতো এবারও বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস’। এবারের প্রতিপাদ্য– ‘গ্রামীণ নারীর উত্থান: বেইজিং+৩০র সাথে টেকসই ভবিষ্যৎ গড়ি’।
সভ্যতা আর প্রযুক্তির দিক দিয়ে উন্নয়নের ধারায় পৃথিবী এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে গ্রামের জনগোষ্ঠী। বিশেষ করে গ্রামের নারী সমাজ। দেশীয় নারী সংগঠন নারীদের অধিকার আদায়ে সোচ্চার হলেও প্রতিবাদের সুরে এখনও তাল মেলাতে পারেনি গ্রামের নারীরা। আর তাই তাদের জন্যই আজকের এই দিবসটি বিশেষ গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয় ১৯৯৫ সালে। বেইজিংয়ে অনুষ্ঠিত জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলনে ১৫ অক্টোবরকে স্বীকৃতি দেয়া হয় বিশ্ব গ্রামীণ নারী দিবস হিসেবে। এরপর ১৯৯৭ সাল থেকে জেনেভাভিত্তিক একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘উইমেনস ওয়ার্ল্ড সামিট ফাউন্ডেশন’ দিবসটি পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করে।
দিবসটি গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণসহ নানা ক্ষেত্রে গ্রামীণ নারীদের ভূমিকার কথা স্মরণ করে দেয়। সেই সঙ্গে মনে করে দেয় গ্রামীণ নারীদের পারিবারিক নির্যাতন আর কর্মক্ষেত্রে নানা বৈষম্যকে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, গ্রামীণ নারীর অবৈতনিক শ্রমের স্বীকৃতি নারীর মর্যাদা ও ক্ষমতায়নের পথে একটি মাইলফলক। তিনি মনে করেন, সমস্যার একাধিক মাত্রা রয়েছে এবং প্রতিটি দিকেই আলাদাভাবে কাজ করা জরুরি। এই স্বীকৃতিকে ভিত্তি করে নারী সংগঠনগুলো নতুন করে দাবি উত্থাপন ও আন্দোলন গড়ে তুলতে পারে– যেমন অবৈতনিক শ্রমের অর্থমূল্য নির্ধারণ ও নীতিনির্ধারণে অন্তর্ভুক্তি। তবে এই অগ্রগতি বাস্তব রূপ নিতে হলে নারী সংগঠনগুলোর সক্রিয়তা এবং আইনপ্রণেতাদের দৃষ্টিভঙ্গিই হবে মূল নির্ধারক।
পুরুষ সঙ্গীহীন জীবনে দ্বিগুণ দায়িত্ব
জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্যের কারণে পুরুষদের অনেকেই কাজের সন্ধানে শহরে চলে যাচ্ছেন। ফলে গ্রামীণ অনেক নারী হয়ে পড়ছেন ‘একক পরিবারপ্রধান’– ক্ষেতের কাজ, ঘরের কাজ, সন্তানের শিক্ষা, এমনকি সামাজিক অনুষ্ঠান সবকিছুর দায়িত্ব থাকে তাদের কাঁধে।
ময়মনসিংহের চরাঞ্চলের আমেনা খাতুন বলেন, ‘বন্যায় ঘরভাসি হইছি, জমি নাই, স্বামী গাজীপুরে কাজ করেন। আমি একাই সব করি। সরকার বলে নারীর উন্নয়ন হইতেছে, কিন্তু আমাদের গ্রামের উন্নয়নের বিষয়টি কেউ দেখে না।’
খাদ্যের জোগানদাতা, অথচ ক্ষুধার শিকার
বাংলাদেশের মোট খাদ্য উৎপাদনের অন্তত ৬০ শতাংশে নারীর সরাসরি অবদান রয়েছে। অথচ খাদ্য নিরাপত্তার দিক থেকে তারাই সবচেয়ে ঝুঁকিতে। চুয়াডাঙ্গার দৌলতদিয়ার নারী কৃষক শাহিনা পারভীন বলেন, ‘আমরা ধান ফলাই, কিন্তু বাড়িতে অনেক সময় ভাত রান্না হয় না। বাজারে সব জিনিসের দাম বেড়েছে। ছেলেমেয়ের জন্য সবকিছু জোগাড় করতে গিয়ে নিজের খাওয়া ভুলে যাই।’
নারীরা খাদ্য উৎপাদন করেন, কিন্তু সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারেন না। জমির মালিকানা নেই, কৃষিঋণ পেতে হয় পুরুষের নামে। এটাই গ্রামীণ নারীর জীবনের বৈপরীত্য– যিনি খাওয়ান, তিনিই অনাহারে থাকেন।
শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত
দেশে এখনও অনেক অঞ্চলে মেয়ে শিশুরা স্কুলে যায় অনিয়মিত, বিশেষ করে কৃষিশ্রমনির্ভর পরিবারে। বন্যা বা মৌসুমি কাজের সময় মেয়েরা বাড়িতেই থেকে মায়ের সহকারী হয়। নারীর স্বাস্থ্য অধিকারও সংকটে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত সেবা, ওষুধ বা প্রশিক্ষিত ধাত্রী নেই। জামালপুরের দেওয়ানগঞ্জের রোকেয়া বেগম বলেন, ‘হাসপাতাল দূরে, টাকা লাগে। জ্বর বা অসুখ হলে আমি ভেষজ পাতাই খাই।’
এদিকে প্রতিবছর বন্যা, খরা, নদীভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নারীরাই। ঘর হারালে তারা শুধু আশ্রয় হারান না– হারান রান্নার জায়গা, পানির উৎস, পালন করা পশু ও সন্তানদের নিরাপত্তা। খুলনার পাইকগাছার মলিনা রানী ঘূর্ণিঝড়ে সব হারিয়েছেন। তিনি বলেন, ‘আমরা হার মানি না। নদী ভাঙে, ঘর ভাঙে, আবার গড়ি।’
নীতিগত অবহেলা ও বাস্তবতার ফারাক
গ্রামীণ নারী উন্নয়ন প্রকল্পের সংখ্যা বাড়ছে, কিন্তু বাস্তবে সেই সুযোগগুলো পৌঁছায় না প্রকৃত প্রান্তিক নারীর কাছে। নারী উন্নয়ন নীতিমালা ২০১১তে বলা হয়েছিল, গ্রামীণ নারীদের জমির মালিকানা, কৃষিঋণ, প্রযুক্তি প্রশিক্ষণ ও বাজারে প্রবেশাধিকারে বিশেষ সহায়তা দেওয়া হবে। কিন্তু মাঠ পর্যায়ে দেখা যায়, এসব সুবিধা এখনও কিছু নারী উদ্যোক্তার মধ্যেই সীমাবদ্ধ।
তবে সব প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের গ্রামীণ অনেক নারী টিকে আছেন দৃঢ়ভাবে। বরিশালের বানারীপাড়ার নাজমা বেগম এখন নিজ গ্রামে নারীদের নিয়ে ‘বীজ ব্যাংক’ গড়ে তুলেছেন। তিনি বলেন, ‘এটা আমাদের ছোট বিজয়।’ এমন আরও শত শত নারী আজ নিজের মতো করে পরিবর্তনের মধ্য দিয়ে সফল হয়ে উঠছেন।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বিবিএসের প্রতিবেদনে আমাদের জাতীয় আয়ে নারীর অবদানের স্বীকৃতি ও পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে। বিশেষ করে নারীর ঘরোয়া ও যত্নমূলক শ্রম, এতদিন উপেক্ষিত থেকেছে। যেমন– একজন মা যখন শিশুর যত্ন নেন, সেটি তাঁর গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু তা কখনও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়িত হয় না। তবে কৃষির ক্ষেত্রে এমন বহু কাজ রয়েছে যেগুলো অর্থনৈতিকভাবে মূল্যায়নযোগ্য। কিন্তু তা জিডিপিতে অন্তর্ভুক্ত করা হয় না।