জাহিদ উদ্দিন :সিলেটের গোলাপগঞ্জে সবকটি সবজি’র বাজারে যেন আগুন লেগেছে। বন্যার কারণে পর্যাপ্ত জোগান না থাকার অজুহাতে প্রতিদিনই কোনো না পণ্যের দাম বাড়াচ্ছে বিক্রেতারা। তাই মধ্যম ও স্বল্প আয়ের মানুষরা পড়ছেন বিপাকে। গোলাপগঞ্জের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, কাঁচা মরিচ, টমাটো ও শসাসহ সব ধরনের সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়েছে।এ ছাড়া আমদানি করা চাল বাজারে আসলেও দামের কোনো পরিবর্তন আসেনি। এখনো মোটা চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।শনিবার উপজেলার গোলাপগঞ্জ ও ঢাকাদক্ষিণ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়, আমদানি টমেটো ১৪০ টাকা, দেশি টমাটো ৮০ টাকা, কাকরোল ৪০ টাকা, চাল কুমড়া ৩০ থেকে ৩৫ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, করলা প্রতি কেজি ৫০ টাকা, পটল ৪০ টাকা, কচুর মুখী ৫০, ঝিঙ্গা ৪০, পেঁপে ৩০ টাকা, বরবটি ৫০ টাকা, চিচিঙ্কা ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, শসা ৫০ টাকা বিক্রি হচ্ছে এদিকে কুরবানি ঈদকে সামনে রেখে সব প্রকার মশলার দাম রয়েছে ঊর্ধ্বমুখী। সবজির দর চড়া হলেও মাংসের বাজারে তেমন পরিবর্তন আসেনি।
জানা যায়, গোলাপগঞ্জ বাজার ও ঢাকাদক্ষিণ বাজার ছাড়াও উপজেলার ভাদেশ্বর মোকামবাজার, লক্ষণাবন্দ বাজার, ভাদেশ্বর পূর্বভাগ বাজার, বাঘা বাজার, রানাপিং বাজার, হেতিমগঞ্জ বাজার, লক্ষিপাশা বাজার, বুধবারী বাজার, বাদেপাশা বাজার, শরীফগঞ্জ বাজার, মীরগঞ্জ বাজার, আমনিয়া বাজার, আমুড়া বাজার ও হাকালুকি বাজার সহ প্রতিটি বাজারে তরি-তরকারির দাম এখন আকাশচুম্বি।
গোলাপগঞ্জ বাজারের কাঁচামালের খুচরা ব্যবসায়ী আব্দুল রহিম জানান, বৃষ্টির কারণে ও সবজি’র আমদানি কম থাকায় এখন কাঁচা বাজারের সবকিছুর দাম একটু বেশি। তবে ১৫ দিনের মধ্যে সবজির বাজার দর কমে যাবে বলে জানান তিনি।
গোলাপগঞ্জ বাজারে আসা ফরিদ আহমদ নামের এক ক্রেতা বলেন, বাজারে ব্যবসায়ীরা নিজেদের মতো করে পণ্যের দাম নির্ধারণ করছেন। এক্ষেত্রে ১ কেজির স্থলে কিনতে হচ্ছে আধ কেজি। আবার কিনতে চাচ্ছেন বরবটি, কিন্তু সাধ্যের মধ্যে কথাটির কারণে কিনতে হচ্ছে পেঁপে। আর কোন কিছুর দাম একবার বাড়লে তা কমতেও চায় না সহজে। তাই যত ভোগান্তি আর ক্ষতি সব ক্রেতাদেরই ভাগ্যেই লেখা থাকে।
ঢাকাদক্ষিণ বাজারে আসা আব্দুল আজিজ নামের এক স্কুল শিক্ষক বলেন, ‘সাধারণত এ সময় বাজারে বিভিন্ন প্রকারের সবজির আমদানি ভাল থাকে । তাই দামও নাগালের মধ্যে থাকে। কিন্তু এবার বাজারে সবজি পর্যাপ্ত থাকলেও বিক্রেতারা অতিরিক্ত দাম হাকাচ্ছেন। তার ওপর গতকালের বৃষ্টির অজুহাতে সবজির বাজারে আগুন লেগে গেছে।’ তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পাইকারি বাজারের পণ্য খুচরা বাজারে আসলে দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আরো নজরদারি বাড়ানো উচিত।’





