পাকিস্তানের লাহোরের শতাব্দী প্রাচীন গুরুদুয়ারা শাহিদি আস্থান। শিখ ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্রস্থান গুরুদুয়ারা। লাহোরের নোলাখা বাজার এলাকায় অবস্থিত গুরুদুয়ারা শাহিদি আস্থান পুরো লাহোরের বিখ্যাত। এই গুরু দুয়ারাকে মসজিদে পরিণত করতে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা শুরু হয়েছে। গুরুদুয়ারাকে মসজিদে পরিণত করার চেষ্টা চালানো হচ্ছে বলে পাকিস্তান হাইকমিশনের কাছে প্রবল প্রতিবাদ জানিয়েছে ভারত।
এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতিতে বলেন, ‘লাহোরের নোলাখা বাজারে অবস্থিত গুরুদুয়ারা শাহিদি আস্থানকে মসজিদ শাহিদি গঞ্জ দাবি করা হচ্ছে। শাহিদি আস্থান, যেটি শহীদ ভাই তারু সিং জি’র স্মরণে করা হয়েছিল। আর পাকিস্তান দাবি করছে এটি শাহিদি গঞ্জ মসজিদের জায়গা।
তারা এটি মসজিদে রুপান্তরের পদক্ষেপ নিচ্ছে বলে এলাকার নামকরণ করেছে মসজিদ শহীদগঞ্জ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সেখানকার সংখ্যালঘু শিখ সম্প্রদায় প্রতিবাদ জানায়। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন তাঁরা।
কয়েকদিন আগে একটি বুদ্ধ মূর্তি ভাঙার অভিযোগ ওঠে পাকিস্তানে। ইসলামবিরোধী বলে ওই মূর্তি ভাঙা হয়। বাড়ি তৈরির জন্য ভিত তৈরি করতে গিয়ে মাটির নিচ থেকে বেরিয়ে আসে ওই বুদ্ধ মূর্তি। আর সেই মূর্তিই ভেঙে ফেলে পাকিস্তানের শ্রমিকরা। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানকে সেদেশের সংখ্যালঘুদের অধিকার, নিরাপত্তা রক্ষার দাবি জানিয়েছে ভারত। তাঁদের ধর্মীয় ঐতিহ্য রক্ষার কথাও জানিয়েছে ভারত।
সোহেল ভাট আট্টারি নামে লাহোরের এক বাসিন্দা ওই গুরুদুয়ারাকে মসজিদে রূপান্তরিত করার জন্য মানুষকে উস্কেছে বলে অভিযোগ উঠেছে৷
উল্লেখ্য, লাহোরের শহিদি আস্থান ভাই তারুজি গুরুদ্বারটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ১৭৪৫ সালে ভাই তারু সিং শহিদ হন। সেই ত্যাগের স্মৃতিতে ওই গুরুদ্বারটি তৈরি হয়েছিল। অমৃতসরের বাসিন্দা ভাই তারু সিং মূলত কৃষক ছিলেন। সে সময় ভারতে মুঘলরা শাসন করছে। পাঞ্জাব অঞ্চলে মুঘল তহশিলদারের অত্যাচার বাড়ায় শিখদের একটি দল বিদ্রোহ করে। মুঘলরা তখন বহু শিখকে ধর্মান্তরিত হতে বাধ্য করছিল।
এরই প্রতিবাদে মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহীদের দলে নাম লিখিয়েছিলেন তারু সিং। ধরাও পড়ে যান। প্রবল নির্যাতন সত্ত্বেও ধর্মান্তরিত হতে রাজি হননি তিনি। এমনকী, তাঁর চুলও কেটে দেওয়া হয়েছিল বলে জানা যায়। যা শিখদের কাছে পবিত্র। ভাই তারুজিকে মনে রেখেই লাহোরে তৈরি হয়েছিল শাহিদি আস্থান ভাই তারুজি গুরুদুয়ারা। ভারত এবং পাকিস্তানের শিখ সম্প্রদায়ের কাছে ওই গুরুদুয়ারাটি অত্যন্ত পবিত্র।