শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব নিয়ম-কানুন মেনে ৪৪ জনকে এ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই ইতালি থেকে শনিবার সন্ধ্যায় বাংলাদেশে এসেছেন। বিমানবন্দর থেকে ১৭ জন, ২১ জন ও ছয়জনের তিনটি দলে ভাগ করে আলাদা আলাদা গাড়িতে এখানে তাদের আনা হয়েছে বলে জানান তিনি।
এ হাসপাতালে রেখে তাদের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হবে। তাদেরকে করোনাভাইরাস বিষয়ক সচেতনতামূলক পরামর্শও দেওয়া হবে। পূবাইল থানার ওসি নাজমুল হক ভুইয়া জানান, রাত পৌনে ১২টার দিকে তারা মেঘডুবি হাসপাতালে পৌঁছেছেন। এই বাংলাদেশিরা সবাই ইতালি প্রবাসী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেছেন, বিশ্বজুড়ে মহামারীর রূপ নেওয়া করোনাভাইরাসের এখন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ইউরোপ। তাদের তথ্য অনুযায়ী, শনিবার নাগাদ বিশ্বের ১২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে নভেল করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৮। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৩২০ জনে। শুধু ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৬ জন এবং সেদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৬০ জন।
এদিকে, শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, গাজীপুরে একটি মেডিক্যাল অ্যাসিস্টেন্টস ট্রেনিং স্কুলের হোস্টেরে এই ইতালিফেরত বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করার কথা।
তিনি বলেন, “তাদেরকে আমরা সেখানে নিয়ে যাব। একইভাবে তাদের পরীক্ষা করা হবে। যদি কোন ভাইরাস না পাওয়া যায়, এখানে যেভাবে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছি, সেখান থেকেও বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।