করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের সব রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী রেল ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ ঘোষণা দেন। নৌযান বন্ধের ঘোষণা দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রেলমন্ত্রী জানান, আজ সন্ধ্যা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর এবং পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানিয়েছেন তিনি।
মন্ত্রী জানান, যেসব রেল বিভিন্ন বেজ স্টেশন থেকে ঢাকায় এসেছে, তারা আবার ফিরে যাওয়ার পর এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে তেল, খাদ্যসহ জরুরি পণ্য পরিবহনের জন্য সীমিত আকারে ট্রেন চলবে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয় থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় এ কথা জানান।
সেতুমন্ত্রী আরও জানান যে, ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন-এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহি যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।
রোববার (২২ মার্চ) দেশের সুপারমার্কেটগুলোসহ সব দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়। দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানগুলো বন্ধ থাকবে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।
এর আগে দুপুরে আসন্ন এইচএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয়া হয়। আগামী এপ্রিল মাসের প্রথমদিকে পরীক্ষার নতুন রুটিন জানানো হবে।



