আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আনন্দ দাস (৫৫) নামে এক কৃষক গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের কাজীর বল্লভদি গ্রামে এ ঘটনা ঘটে। আনন্দ দাস, ওই গ্রামের মৃত অনিল চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার কাজীর বল্লভদি গ্রামের আনন্দ দাসের বাড়ির পাশে মেহেগুনি বাগানে একটি মেহেগুনি গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। স্থানীয়রা বাগানে গিয়ে তার লাশ নিচে নামায়। তারপর পুলিশকে খবর দেয়।
সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। আত্মহত্যার কারণ জানতে চাইলে নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন আনন্দ দাস মানসিক রোগে ভুগছিলেন। এ কারণেই আত্মহত্যা করতে পারে।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তফা কামাল বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।