বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে আজ বিকাল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য কুড়িগ্রাম জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এই ঘোষণা দেন।
সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। দুপুরে জেলা প্রশাসনের কার্যালয় থেকে এসংক্রান্ত একটি লিখিত নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়েছে, লকডাউনের সময়ে কুড়িগ্রামের জল, স্থল ও ও আকাশপথে জেলায় আসা-যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতীয় ও আঞ্চলিক সড়ক ও মহাসড়কে ও নৌপথে এই জেলায় কেউ প্রবেশ বা জেলা থেকে অন্যকোনো জেলায় গমন করতে পারবে না। এমনকি আন্তউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, খাদ্যদ্রব্য ও কৃষিপণ্য সরবারহ, ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং এর লকডাউনের আওতামুক্ত থাকবে।
জেলা প্রশাসন সুত্রে আরো জানা গেছে, যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য জেলার ১৯টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।




