মাদারীপুর প্রতিনিধি।। ‘খারাপ’ চরিত্র আখ্যায়িত করে মাদারীপুরে এক কিশোরীকে জুতাপেটা ঘটনায় চরম নিরাপত্তাহীন রয়েছে ওই কিশোরীর পরিবার। আর জুতাপেটায় সরাসরি অংশ নেয় মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন নামের একটি মানবাধিকার ও আইন সহায়তাকারী সংগঠনের তৃণমূল নেত্রী। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সুশীল সমাজসহ সাধারণের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
কিশোরীর পরিবার জানান, ঘটনাটি জানাজানি হওয়ায় শালিসকারীদের ভয়ে আতঙ্কিত তারা। প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা দেয়া হয়নি। এই ঘটনায় মাদারীপুর মহিলা অধিদপ্তরের কর্মকর্তা ও কয়েকটি মাবনাধিকার সংগঠনের লোকজন কিশোরীর বাড়ি গিয়ে খোঁজ নিয়েছে। তবে তাদের আইনগত কোন সহায়ত দেয়ার উদ্যোগ নেয়নি প্রশাসনের তরফ থেকে।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ওই শালিসে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আইয়ুব খান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাম খান, সাবেক কাউন্সিলর সামসুল হক খান, স্থানীয় মানবাধিকার সংগঠন লিগালএইড এসোসিয়েশনের তৃণমূল কর্মী আকলিমা বেগম, স্থানীয় প্রভাবশালী সেলিম মীরা, খবির খান প্রমুখ। শালিস আইয়ুব খান, মুজাম খান, সামসুল হক খানের সিদ্ধান্তে ওই কিশোরীকে দোষী সাব্যস্থ করা হয়। প্রকাশ্যে দেয়া হয় ১০টি জুটাপেটা। জুটাপেটায় অংশ নেয় মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের তৃণমূল সংগঠণ ‘কমিউনিটি বেইজ অর্গাানাইজেশন (সিবিও) কমিটির সদস্য আকলিমা বেগম।
এই ঘটনার সাথে একটি মানবাধিকার সংগঠনের সদস্য সরাসরি যুক্ত হওয়ায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। লাঞ্ছিতা কিশোরীর বাবা বলেন, প্রভাবশালীরা আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।
এব্যাপারে মাদারীপুরে সচেতন নাগরিক কমিটির সদস্য এম.আর মর্তুজা বলেন, আইন কেউই নিজের হাতে তুলে নিতে পারেনা। নারী ও শিশু ঘটিত এমন ঘটনার মিমাংসা করার ক্ষমতা স্থানীয় সালিসকারকদের নেই। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠোর বিচার হওয়া উচিত। মানবাধিকার সংগঠনের সংশ্লিষ্ঠ যদি কেউ জড়িত থাকে এটা অত্যান্ত দু:খজনক। মানবাধিকার রক্ষা যারা করবে তারাই যদি ভক্ষকের ভুমিকায় থাকে, এটা জাতির জন্য অশনি সংকেত। ’
এ ব্যাপারে মাদারীপুর লিগাল এইড এসোসিয়শনের প্রধান সমন্বয়কারী খান মো. শহীদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা স্থানীয় পর্যায়ে সমাজ ভিত্তিক কমিটি করে থাকি স্থানীয় লোকজন নিয়ে, এতে যদি কেউ অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত থাকে, তাহলে আমরা তাকে কমিটি থেকে বাদ দেয়ার সুপারিশ করি। ওই কিশোরীর পরিবার যদি আইনগত সহায়ত চায়, আমরা সংস্থার পক্ষ থেকে সহযোগিতার করবো।
মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) আবু নাইম জানান, বিষয়টি আমরা অবগত। এখনও মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, ঘটনাটি জানার জন্যে মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদা আক্তারকে জানানো হয়েছিল। তারা ঘটনা বিস্তরিত শুনেছে। এখন যদি নির্যাতিতার পরিবার মামলা দেয়, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর সোমবার দুপুরে শহরের মধ্য খাগদি এলাকার কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যায় একই এলাকার কুদ্দুস শরীফের ছেলে হাসান শরীফ। পরে মেয়েটিকে তামান্না নামে এক মহিলার কাছে বিক্রি করে দেয় হাসান। বিষয়টি ওই কিশোরীর পরিবার জানতে পেরে মাদারীপুর সদর উপজেলার খাগছাড়ার করমবাজার থেকে ক্রবার উদ্ধার করে। পরে মঙ্গলবার বিকালে বিষয়টি সালিস মীমাংসার নামে প্রকাশ্যে ১০টি জুটাপেটা করা হয়।