আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) ছিল মনোনয়ন জমা দানের শেষ দিন। সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত সংশ্লিষ্ট প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে এসব মনোনয়নপত্র জমা দেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, আগামী ২০ মার্চ কালীগঞ্জ পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে ৯ জন মনোনয়ন ক্রয় করলেও জমা দিয়েছেন ৬ জন। এরা হচ্ছেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন। এরা হচ্ছেন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও বর্তমান মেয়র মোস্তাফিজু রহমান বিজু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম।
এছাড়া কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন জমা দিয়েছেন।
এদের মধ্যে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫ জন, ২নং ওয়ার্ডে ৬ জন, ৩ নং ওয়ার্ডে ৬ জন, ৪ নং ওয়ার্ডে ৫ জন, ৫ নং ওয়ার্ডে ২ জন, ৬ নং ওয়ার্ডে ৯ জন, ৭ নং ওয়ার্ডে ১০ জন, ৮ নং ওয়ার্ডে ৬ জন ও ৯ নং ওয়ার্ডে ৫ জনসহ মোট ৫৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেয়।
অপরদিকে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জন, ৪,৫,৬ নং ওয়ার্ডে ৪ জন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ৬ জনসহ মোট ১৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীন হোসেন রাকিব জানান, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ২৪, ২৫ ফ্রেরুয়ারি মনোনয়নপ্রত্র যাচাই বাছাই করা হবে।