ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝিনাইদহ – যশোর বারবাজার মহা-সড়কের পিরোজপুর নামক স্থানে ২২ জুন বুধবার আনুমানিক রাত ৪ টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্র্রামের মৃত ছানারউদ্দিনের ছেলে ট্রাক ড্রাইভার সিরাজুল ইসলাম (৪৪) ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে জখমের শিকার হন। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগি সিরাজুল ইসলাম জানান, আমি রাত ৩ টার পরে কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড থেকে রড বোঝায় ঝিনাইদহ ট- ১১০৯৬৮ ট্রাক নিয়ে আনলোডের জন্য চৌগাছার উদ্দেশ্যে রওনা দিই। পিরোজপুর বটতলা নামক স্থানে হাইওয়ে পুলিশের ডিউটিরত পুলিশ সদস্যদের ৫০ টাকা দিয়ে বারবাজার প্রবেশের আগে মেসার্স আলহাজ্ব আমজাদ আলী তেলপাম্পের নিকট পৌঁছায়ে দেখি সামনে রাস্তায় আট থেকে দশটি গাড়ি সারিবদ্ধভাবে দাড়িয়ে রয়েছে , গাড়িগুলোতে কোনো আলো জ্বলছে না। ডান পাশ দিয়ে বের হতে গিয়ে দেখি রাস্তার উপর গাছের গুড়ি পড়ে আছে। তখন আমি বুঝতে পারলাম ডাকাতি হচ্ছে। এসময় আমি দ্রুত গাড়ির মধ্যে জানালা বন্ধ করে পরিবারের সাথে মোবাইলে যোগাযোগ করি। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন ডাকাত মুখ বাঁধা অবস্থায় দা হাতে আমার গাড়ির নিকট এসে বলে, যা আছে বের কর। প্রথমে আমি টাকা দিতে রাজি না হওয়ায় দা দিয়ে আমার ডান পায়ে হাটুর উপরে কোপ দেয়। আর ২ জন তখন আমার কাছে থাকা ৪০হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। সামনের গাড়ির ড্রাইভাররা পুলিশে খবর দিলেও কোনো পুলিশ সেখানে তাৎক্ষণিকভাবে আসেনি।
ঘটনা ঘটার একঘন্টা পরে হাইওয়ে থানা পুলিশের একটি টিম এসে ডাকাতদের আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। ততক্ষণে রাস্তায় গাড়ির জ্যাম বারবাজার বাসস্ট্যান্ড ছাড়িয়েছে। এদিকে আমার পা থেকে রক্ত বের হয়ে শরীর ভিজে যাচ্ছে। পুলিশ ভাইদের তখন আমি বলছি, আগে আমাকে বাঁচান। পরবর্তীতে ভোর ছয়টার কিছু পরে পুলিশের গাড়িতে উঠিয়ে আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে রেখে যাই। এ সময় পুলিশের একজন আমার দেওয়া ওই পঞ্চাশ টাকা আমার হেল্পার এর কাছে ফেরত দিয়ে যায় বলে শুনেছি এবং তারা টাকা নেবার ব্যাপারটি কাউকে না জানানোর জন্য অনুরোধ করে। আহত ড্রাইভার এর গাড়ি মালিক তরুন সাহা জানান, এ ঘটনায় বাদী হয়ে আমি কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি। মামলা নং -১৩। মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার ওসি তদন্ত নজরুল ইসলাম আলহাজ্ব আমজাদ আলী ফিলিং স্টেশনের ক্যাাশিয়ার আরিফুল ইসলাম জানান, সকালবেলা রাস্তায় গাড়ির জ্যাম দেখে আমার বাইরে থাকা সেলসম্যান ননী বাবুকে জিজ্ঞেস করলে তিনি জানাল ভোররাতে ডাকাতি হয়েছে। এই কারণে রাস্তায় জ্যাম। তবে এই রাস্তায় মাঝেমধ্যে ডাকাতির খবর পাওয়া যায়। বিশেষ করে কড়ইতলা নামক একটা জায়গা আছে যেখানে ডাকাতরা ওৎ পেতে থেকে গভীর রাতে মাঝে মধ্যেই ডাকাতি করেরাস্তায় ডাকাতি করে ফেরার পথে পিরোজপুর গ্রামের আলী ড্রাইভার এর বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে যায়। থানা পুলিশ তৎপর না হওয়ায় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। এব্যাপারে বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, ডাকাতির একটি ঘটনা ভোররাতে ঘটেছে।
খবর পেয়ে আমার পুলিশের একটি টিম সেখানে গিয়ে ডাকাতদের হামলায় আহত ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যায় এই কথা বলার সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লার জানান, কালীগঞ্জ থানায় ডাকাতির ঘটনকো কেন্দ্র করে একটি মামলা দায়ের হয়েছে । হাইওয়ে পুলিশের যশোর সদর সার্কেল এর সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ হাশমী জানান, ঐ রাতে আমি কুষ্টিয়া থেকে ফেরার পথে পিরোজপুর বটতলায় ডিউটিরত পুলিশ সদস্যদের সঙ্গে ভালো ভাবে ডিউটি করার কথা বলে যশোর ফিরি। ৫ শ গজের মধ্যে এ ধরনের ঘটনায় প্রমাণ করে দায়িত্ব ও পেশাদারিত্বের অভাব। আমি কালিগঞ্জ থানার ওসিকেও বলেছি, কালীগঞ্জ থানা পুলিশের রাতে ডিউটিতে থাকা টিম গাড়ি নিয়ে এক স্থানে বসে না থেকে রোডে টহল দেবার জন্য ডাকাতির ঘটনাস্থল এবং হাইওয়ে টহল পুলিশের অবস্থান কাছাকাছি থাকা সত্বেও কিভাবে ডাকাতির ঘটনা ঘটে? এই প্রশ্নই এখন জনমনে ঘুরপাক খাচ্ছে।